হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ৯টিই ঢাকায়

হামের উপসর্গ থাকায় চার বছরের শিশু মুসকানকে কুর্মিটোলা হাসপাতাল থেকে পাঠানো হয় মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। মায়ের কোলে হাসপাতালের বহির্বিভাগের সামনে ভর্তির অপেক্ষায়ফাইল ছবি: প্রথম আলো

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ১০ শিশু মারা গেছে।

এ সময়ে মোট ৭৩২টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৫৮ শিশু।

হাম ও হামের উপসর্গে ঢাকায় ৯ ও সিলেটে ১টি শিশু মারা গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৮৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৮ হাজার ৫৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫১ হাজার ৫১১ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৯৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।