কর্ণফুলীতে দখল
উচ্ছেদের বদলে নতুন স্থাপনা
নদীর ভরাট করে গড়ে ওঠা ফিশারি ঘাটে মৎস্যজীবী লীগ চট্টগ্রাম শাখার সভাপতি আমিনুল হকের তত্ত্বাবধানে গড়ে তোলা হচ্ছে ছয়টি পাকা দোকান।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী দুই মাস আগে কর্ণফুলী নদীর দখল দেখতে চট্টগ্রাম এসেছিলেন। এ সময় নদী দখল করে গড়ে ওঠা ফিশারি ঘাট সরিয়ে সব স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন তিনি। এক সপ্তাহের মধ্যে এর অগ্রগতি প্রতিবেদন কমিশনে দাখিলের নির্দেশও দেওয়া হয় জেলা প্রশাসনকে। কিন্তু অগ্রগতি দূরে থাক, ফিশারি ঘাটে নদী ঘেঁষে গড়ে তোলা হচ্ছে নতুন স্থাপনা। এক সপ্তাহ ধরে ছয়টি পাকা দোকানের নির্মাণকাজ চলছে। এ নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন নদী কমিশনের চেয়ারম্যান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম শাখার সভাপতি আমিনুল হক ওরফে বাবুল সরকার এই দোকানগুলো নির্মাণ করছেন। তিনি আবার ফিশারিঘাট পরিচালনা কমিটি সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক। স্থানীয় রাজনীতিতে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
ডিসিকে (জেলা প্রশাসক) দুবার তাগাদা দিয়েছি কী ব্যবস্থা নিয়েছেন তার জবাব দিতে। কিন্তু আমাদের গুরুত্বই দিচ্ছে না। ফিশারি ঘাট অন্যত্র সরিয়ে নিতে বলেছিলাম। তা–ও করেনি। এখন যদি নতুন করে স্থাপনা নির্মাণ করা হয়, এর দায় তো স্থানীয় প্রশাসনকেও নিতে হবে।
দুই মাস আগে ৭ থেকে ৯ নভেম্বর কমিশনের চেয়ারম্যান কর্ণফুলী দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছিলেন। এর মধ্যে ৮ নভেম্বর তিনি ফিশারি ঘাট পরিদর্শন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সহকারী কমিশনারসহ (ভূমি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিশারি ঘাট পরিদর্শনের সময় চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হকের সঙ্গেও কথা বলেছিলেন। এ সময় আমিনুল প্রশাসন যে ব্যবস্থা নেবে তা মেনে নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরিদর্শনের দুই মাস না যেতেই নতুন করে স্থাপনা নির্মাণে হাত দেন তিনি।
নদী রক্ষা কমিশন চেয়ারম্যান পরিদর্শনের পর জেলা প্রশাসনকে ১০ নভেম্বর একটি লিখিত প্রতিবেদন দেন। এতে উল্লেখ করেন, চট্টগ্রামের বাকলিয়া মৌজায় অবস্থিত ফিশারি ঘাট ও বরফকলসহ অন্যান্য স্থাপনা নদীর জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনা অন্যত্র স্থানান্তরের পর ওই স্থান খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। জেলা প্রশাসক, চট্টগ্রাম আদেশ বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে চেয়ারম্যান বরাবরে একটি প্রতিপালন প্রতিবেদন প্রেরণ করবেন।
কিন্তু কমিশনে তা পাঠায়নি জেলা প্রশাসন। এ জন্য ১৮ ডিসেম্বর কমিশনের অপর একটি চিঠিতে এ–সংক্রান্ত কোনো প্রতিবেদন দেওয়া হয়নি উল্লেখ করে জেলা প্রশাসককে পুনরায় প্রতিবেদন পাঠানোর তাগাদা দেওয়া হয়।
এ বিষয়ে মনজুর আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ডিসিকে (জেলা প্রশাসক) দুবার তাগাদা দিয়েছি, কী ব্যবস্থা নিয়েছেন তার জবাব দিতে; কিন্তু আমাদের গুরুত্বই দিচ্ছে না। ফিশারিঘাট অন্যত্র সরিয়ে নিতে বলেছিলাম। তা–ও করেনি। এখন যদি নতুন করে স্থাপনা নির্মাণ করা হয়, এর দায় তো স্থানীয় প্রশাসনকেও নিতে হবে।’
জানতে চাইলে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘কর্ণফুলী নদীর মালিক হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে উচ্ছেদে কিছু সমস্যা রয়েছে। নদী কমিশন আমাদের নির্দেশনা দিয়েছেন কিছু। কমিশনের চেয়ারম্যান যাওয়ার পর স্থাপনা ওঠার বিষয়টি আমার জানা নেই। যদি এ রকম হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ নতুন করে স্থাপনার অনুমোদন দেওয়া হয়নি উল্লেখ করে বন্দর সচিব ওমর ফারুকও ব্যবস্থা নেওয়ার কথা জানান।
নদীর চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী স্থানের নদী অংশে জেগে ওঠা চর ২০১৬ সালে বন্দর কর্তৃপক্ষ ফিশারিঘাটকে ইজারা দেয়। এ নিয়ে নদী রক্ষা আন্দোলনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন প্রতিবাদ করে আসছিল। ফিশারিঘাটে বর্তমানে দুই শতাধিক স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে দোকান, ধর্মীয় স্থাপনা, বরফকল ও আড়ত। শুরু থেকে এর নিয়ন্ত্রণ রয়েছে মৎস্যজীবী লীগ নেতা আমিনুলের হাতে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ঘাটের দক্ষিণ-পূর্ব অংশে নদী লাগোয়া পাকা দোকান নির্মাণকাজ চলছে। বরফকলের পেছনের অংশে এই দোকান নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ছয়টি দোকানের কাঠামো দাঁড়িয়ে গেছে। আরও ইট ও বালু মজুত করে রাখা হয়েছে। চারটি দোকানের ওপর টিনের ছাউনিও দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম দিকের দোকানটিতে রয়েছে একটি চায়ের দোকান। বাকিগুলো এখনো খালি।
জানতে চাইলে আমিনুল হক বলেন, যেখানে ইটের স্থাপনা দেখছেন, সেখানে আগে ঝুপড়িঘর ছিল। ওগুলো ভেঙে যাওয়ায় নতুন করে একটু মেরামত করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশনের চেয়ারম্যান আমাদের পুনর্বাসন করতে বলেছিলেন অন্যত্র সরিয়ে। কিন্তু তা এখনো হয়নি।’
উচ্চ আদালতের নির্দেশের চট্টগ্রাম জেলা প্রশাসন নদীপারের ২ হাজার ১১২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছিল। এরপর ২০১৯ সালে উচ্ছেদ শুরু হয়। পরের বছর বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। তাদের দাবি, এক হাজারের বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরপর উচ্ছেদ কার্যক্রম থেমে যায়।
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ জেলা প্রশাসন নির্লিপ্ত বলে মন্তব্য করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, নদী কমিশন চেয়ারম্যান এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দিতে বলেছিলেন। কিন্তু এখন উল্টো স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এটি নদীখেকো দখলদারদের প্রশাসনের সহযোগিতার শামিল।