মুঠোফোন ও ইন্টারনেট সেবা চালু রাখতে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের অনুরোধ
শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলসহ দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। অনেক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে ওই সব অঞ্চলে মুঠোফোন ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) মোবাইল নেটওয়ার্ক চালু রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে।
সোমবার এক বিবৃতিতে অ্যামটব জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট হয়েছে। এ অবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প পন্থায় ব্যাটারি ও জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। টেলিকম সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় রেখে জনস্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।
দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় ভোর থেকেই বিদ্যুৎ নেই। সন্ধ্যার পর কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কেও সমস্যা দেখা দেয়। অনেক গ্রাহক প্রথম আলোকে জানিয়েছেন, বেশ কয়েকবার চেষ্টা করেও ফোনকল করতে সমস্যায় পড়ছেন তাঁরা।
এ বিষয়ে মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেছেন, শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে। এ পরিস্থিতিতে বিকল্প পন্থায় ব্যাটারি ও জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তাঁরা। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ে নেটওয়ার্ক স্বাভাবিক করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ না থাকায় দক্ষিণাঞ্চলের গ্রাহকেরা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা থেকেও বিচ্ছিন্ন বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটির সভাপতি ইমদাদুল হক প্রথম আলোকে জানিয়েছেন, ওই অঞ্চলে জরুরি প্রয়োজনের জন্য মূল কেন্দ্রগুলোতে জেনারেটর দিয়ে সেবা চালু রাখা হচ্ছে। কিন্তু ঝড় হওয়ায় অনেক অঞ্চলে কেবল কাটা পড়েছে, যা এখনই ঠিক করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, কোনো গ্রাহক যদি জেনারেটর বা ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে পারেন, তবে তিনি ব্রডব্যান্ড সেবাও পাবেন।