ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার রাতে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা প্রথম আলোকে বলেন, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।
ফারজানা সুলতানা আরও বলেন, ভূকম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। তিনি বলেন, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।