আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ছবি: প্রথম আলো

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগপত্র দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবরে আজ বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি পদত্যাগপত্র দেন। এ নিয়ে দুই দিনের ব্যবধানে ছয়জন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিলেন।

এর আগে ৭ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা পদত্যাগপত্র দেন।

ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবরে লেখা পদত্যাগপত্র আজ সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দিয়েছেন বলে জানান সাদিয়া আফরিন শাপলা।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। ডিএজি এবং এএজি পদে সব মিলে ২৬৬ জন নিয়োগ পান। এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এ নিয়োগ দেওয়া হয়। ডিএজি হিসেবে ৩০ জুলাই নিয়োগ পাওয়াদের মধ্যে সাদিয়া আফরিন শাপলা ছিলেন।

এর আগে নতুন ওই নিয়োগের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ না পাওয়া ও নিয়োগপ্রত্যাশী বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে গত ২ আগস্ট বিক্ষোভ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সেদিন বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই তাঁরা বিক্ষোভ করেন।