ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রশাসক শফিকুল
ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম নিহত হওয়ার ঘটনায় প্রশাসক এ ঘোষণা দেন।
আজ শুক্রবার সকালে দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রশাসক শফিকুল ইসলাম। তিনি বলেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
প্রশাসক বলেন, অদক্ষ চালকদের কারণে যেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়ক ব্যবহারকারীদেরও আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো থেকে চালকদের বিরত থাকারও আহ্বান জানান তিনি।
নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রশাসক বলেন, ডিএনসিসির পক্ষ থেকে পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা কোনো হেলপার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর জানামতে, ডিএনসিসির কোনো গাড়ি হেলপার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।
এর আগে সকালে দুর্ঘটনার খবর পেয়ে নিহত পরিচ্ছন্নতাকর্মীর বাসায় যান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।