আদর্শকে বইমেলায় স্টল বরাদ্দের আদেশ স্থগিত হয়নি, শুনানি বুধবার
একুশে বইমেলায় তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার শর্তে আদর্শ প্রকাশনীকে অবিলম্বে স্টল বরাদ্দ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বুধবার শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলা একাডেমির করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন নির্ধারণ করেন।
আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে অবিলম্বে প্রকাশনীটিকে স্টল বরাদ্দ দিতে বাংলা একাডেমিকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বাংলা একাডেমির মহাপরিচালক গতকাল রোববার আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে বাংলা একাডেমির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মন্টু কুমার মন্ডল শুনানিতে ছিলেন। অন্যদিকে রিট আবেদনকারী আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক।
পরে আইনজীবী অনীক আর হক প্রথম আলোকে বলেন, ‘আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে আবেদনটি করা হয়। আদালত স্থগিতাদেশ না দিয়ে বাংলা একাডেমির করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বুধবার শুনানির জন্য নির্ধারণ করেছেন। ফলে এখন পর্যন্ত হাইকোর্টের আদেশ বহাল আছে।’
একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে প্রকাশনীর স্বত্বাধিকারী ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে প্রকাশনীর তিনটি বই নিয়ে আপত্তি ওঠে। তিনটি বই হচ্ছে, ফাহাম আবদুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’, জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা।’ আদালত তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার বিষয়ে রিট আবেদনকারীপক্ষকে অঙ্গীকারনামা দিতে বলেন।
অঙ্গীকারনামা দাখিলের পর শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছিলেন।