ধলেশ্বরীর ‘দেশি ফেরি’  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধলেশ্বরীর বুকে ‘দেশি ফেরি
ছবি: জাহিদুল করিম

বর্ষায় দুই কূল ভাসিয়ে খরস্রোতা ধলেশ্বরী বয়ে চলেছে। এ পাড়ে অর্থাৎ উত্তর পাড়ে কেরানীগঞ্জের দক্ষিণ থানার মোল্লারহাট। অপর পাড়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের বক্তারচর। সেখান থেকে আড়াআড়িভাবে নদী পাড়ি দিয়ে ভটভট শব্দ করে মোল্লারহাটের তীরে এসে থামল ‘দেশি ফেরি’। সামনে ফুটবল মাঠের গোলপোস্টের মতো স্টিলের চৌকোন ফ্রেম। তার সঙ্গে লাগানো কপিকল। পাশে বসা চালকের সহকারী কপিকলের হাতল ঘুরিয়ে দিতেই সামনের ডালাটি ধীরে ধীরে নেমে এসে প্রগাঢ় চুম্বনের মতো স্পর্শ করল কচুরিপানা জমে থাকা পাড়ের ভেজা মাটি। ঘাটের দিকে  মুখ করা যাত্রী আর যানবাহনগুলো নেমে এল একে একে।

মোল্লারহাটের এই ‘দেশি ফেরি’ চালু হয়েছে এ বছরের শুরু থেকে। আগে নদী পারাপারের জন্য ছিল ইঞ্জিনের ট্রলার আর বইঠার কোষা নৌকা। তাতে শুধু মানুষজন অল্প কিছু মালামাল নিয়ে পারাপার হতে পারতেন। মোটরসাইকেল, সিএনজি স্কুটার, ব্যাটারিচালিত অটোরিকশার মতো ছোট যানবাহন পারাপারের ব্যবস্থা ছিল না। তাই বাধ্য হয়ে বহু পথ ঘুরে তাঁদের চলাচল করতে হতো।

মোল্লারহাট ঘাটের আধা মাইল ভাটিতে সেতু নির্মাণের উদ্যোগ চলছে প্রায় বছর চারেক ধরে। নদীতে সেতুর পিলারগুলো স্থাপন করেই কাজ থমকে আছে। কবে শেষ হবে কেউ জানে না। প্রয়োজনের তাগিদ থেকেই মানুষ চাহিদা পূরণের ব্যবস্থা করে নেয়। ধলেশ্বরীর বেলায়েত মাঝিও তা–ই করেছেন। নিজের উদ্যোগে তৈরি করিয়ে নিয়েছেন ‘দেশি ফেরি’। তাতে লোকজনের পাশাপাশি ছোট আকারের মোটর বা ব্যাটারিচালিত যানবাহনগুলো দিব্যি পারাপার হচ্ছে।

বেলায়েত মাঝির সঙ্গে কথা হলো বক্তারচর ঘাটে। তাঁর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জে। তিনি বেশ কয়েক বছর থেকেই এই ঘাটের ইজারাদার। এবার ডাক নিয়েছেন ১০ লাখ টাকায়। আগে দুটো ট্রলার (ইঞ্জিনের নৌকা) দিয়ে শুধু যাত্রী পারাপার করতেন। ছোট যানবাহনগুলো পারাপার করা যেত না। লোকজনের অসুবিধা হতো। শুধু লোক পারাপার করায় তাঁর আয়ও কম হতো। এসব নানা বিষয় ভেবে প্রথমে তিনি দুটো ট্রলার জোড়া দিয়ে একটি বড় ট্রলার তৈরির কথা ভেবেছিলেন। যেই ভাবনা, সেই কাজ।

যোগাযোগ করেন কেরানীগঞ্জের জাজিরা ডকইয়ার্ডে। সেখানে কারিগরদের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনায় একটু অদলবদল করে এই দেশি ফেরি তৈরি করিয়েছেন। এটিও চলছে ট্রলার চালানো শ্যালো ইঞ্জিন দিয়েই। ফেরিটি লম্বায় ৬০ ফুট, চওড়া ১২ ফুট। এটি নির্মাণে খরচ পড়েছে প্রায় ৮ লাখ টাকা। একসঙ্গে দুটি সিএনজি স্কুটি ও পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল এবং বেশ কিছু বাইসাইকেলও তোলা যায়। যাত্রী উঠতে পারে প্রায় জনাপঞ্চাশেক। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রোজ ১২ ঘণ্টা চলে ‘দেশি ফেরি’ সার্ভিস।

‘দেশি ফেরি’ নামে জনপ্রিয় হয়ে ওঠা বেলায়তে মাঝির এই ফেরি নৌকায় বক্তারচর থেকে মোটরসাইকেল নিয়ে এসে মোল্লারহাট ঘাটে নামলেন সোহেল আহমেদ। তিনি বললেন, মোটরসাইকেলের টোল ২০ টাকা। কিন্তু সুবিধা হলো ১০ মিনিটের মতো লাগে নদী পারাপার হতে। সময় বাচে, পথের দূরত্বও কমে। বক্তারচর সিরাজদিখানের একেবারে প্রান্তবর্তী এলাকা। ফলে আগে প্রায় সাত কিলোমিটার ঘুরে কেরানীগঞ্জ আসতে হতো। সেতুটি কবে তৈরি হবে, তার কোনো নিশ্চয়তা নেই, এই দেশি ফেরি চালু হওয়ায় অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে অসুস্থ জরুরি রোগীদের স্কুটার বা অটোরিকশাতে করে দ্রুত ঢাকায় আনা যায়।

‘দেশি ফেরি’ ভিড়ছে ঘাটে
ছবি: জাহিদুল করিম

বেলায়েত মাঝির দেশি ফেরিতে যাত্রীর টোল জনপ্রতি পাঁচ টাকা। আগে নৌকাতেও তাই ছিল। বাইসাইকেলের টোল ১০ টাকা, মোটরসাইকেলের ২০ টাকা আর স্কুটার-অটোরিকশার টোল যাত্রীসহ ১০০ টাকা। মাঝি বললেন, টোল নিয়ে যানবাহনের চালক ও যাত্রীদের কোনো আপত্তি নেই। ফেরি চালু করায় তাঁদের নিজেদের যেমন আয় বেড়েছে, লোকজনের সময় সাশ্রয় ও সুবিধাও হচ্ছে। প্রপেলারে জলের ঘূর্ণি তুলে ভটভট শব্দ করে খরস্রোতা ধলেশ্বরী পারাপার করছে বেলায়েত মাঝির দেশি ফেরি।