তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে রদবদল

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপারসহ (এসপি) ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার পদমর্যাদার নয়জন ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা রয়েছেন।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখার তিনটি এবং ডিএমপি সদর দপ্তরের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়েছে।

জেলার এসপি পদায়নের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদারীপুরের এসপি হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জে, পিবিআইয়ের এসপি ফজলে এলাহীকে মাদারীপুরে, ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের এসপি করা হয়েছে। আর পিরোজপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের এসপি শামীমা ইয়াসমিনকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং কলেজে (টিডিএস), ডিএমপির ডিসি মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিসি), ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি রশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

ডিএমপি সদর দপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনাহর আলীকে ডিবি গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট অঞ্চলে, ক্যান্টনমেন্ট অঞ্চলের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার, ডিবি রমনা বিভাগের এডিসি জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম পূর্ব বিভাগে এবং পিওএম পূর্ব বিভাগের এডিসি নজরুল ইসলামকে ডিবি রমনা বিভাগে বদলি করা হয়েছে।