বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো, সারা দেশে গণগ্রেপ্তার ও বিরোধী দলকে দমনে ‘পুলিশের হামলা-গুলি-হত্যাকে সরকারের ফ্যাসিস্ট শাসনেরই’ অংশ বলে মনে করে বামপন্থী আটটি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট।
গ্রেপ্তার করা বিএনপির নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ করা, সভা-সমাবেশসহ গণতান্ত্রিক আন্দোলনে দমন–পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোট নেতারা।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা সৃষ্টি করতে সরকার পুলিশ দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এখানেই শেষ নয়, চলছে গণগ্রেপ্তার ও গায়েবি মামলা। বিএনপির মহাসচিবকে কারাগারে পাঠানো, সারা দেশে গণগ্রেপ্তার ও বিরোধীদলকে দমনে পুলিশি হামলা-গুলি-হত্যা সরকারের ফ্যাসিস্ট শাসনেরই অংশ। সরকার পুলিশ, ছাত্রলীগ-যুবলীগসহ দলীয় শক্তিকে সন্ত্রাসী কায়দায় কাজে লাগিয়ে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সরকারের দুর্নীতি-অপশাসনে মানুষ অতিষ্ঠ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জনগণের এই বিক্ষোভকে দমন করার জন্য সরকার হীন সব পথ বেছে নিয়েছে। ঢাকা শহরে তল্লাশির নামে পুলিশ জনগণকে হয়রানি করছে। পাড়া-মহল্লা ও রাস্তায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সশস্ত্র মহড়া ত্রাসের পরিবেশ তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনগুলো ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সমাবেশ করেছে। অথচ বিরোধী দলগুলোর সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকার হরণ করতে তারা যানজট ও জনদুর্ভোগের মিথ্যা অজুহাত তৈরি করেছে। এভাবে এ সরকারের শেষ রক্ষা হবে না।
সরকার ২০১৪ ও ২০১৮ সালে নজিরবিহীন ভোট ডাকাতির দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করা হয় যৌথ বিবৃতিতে। এতে আরও বলা হয়, এ ধারা অব্যাহত রাখতেই বিরোধী পক্ষকে শক্তি প্রয়োগ করে দমন করা হচ্ছে। আগামী নির্বাচনে তারা (ক্ষমতাসীন দল) একতরফাভাবে ক্ষমতা দখল করতে চায়। এর বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।
বিবৃতিতে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, ছাত্র ফেডারেশনের (জাতীয় মুক্তি কাউন্সিল) মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া স্বাক্ষর করেছেন।