সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। রাজধানীর সবুজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেখানে বড় স্থাপনা নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এই দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শেকৃবির গবেষণা মাঠ পুনরুদ্ধার স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক এম সালাউদ্দিন এম চৌধুরী বলেন, ‘মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, ঢাকা ও দেশবাসীর জন্যও গুরুত্বপূর্ণ। অ্যাগ্রোফরেস্ট্রি ও পরিবেশবিষয়ক বিভাগের সঙ্গে পরামর্শ করে আমরা একটি মহাপরিকল্পনা তৈরি করেছি। মাঠের সবুজায়ন, গাছপালা ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে সেখানে কৃষি গবেষণা কার্যক্রম পরিচালনা করতে চাই। আমাদের লক্ষ্য শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা নয়, ঢাকার পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখা।’
কৃষি রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, ঘনবসতিপূর্ণ শেরেবাংলা নগরে সচিবালয় স্থাপন করলে সেখানকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, তাঁরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাঠটি ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। সচিবালয় স্থাপনের পরিকল্পনার খবরে তাঁদের ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেন তিনি।
গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকে মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে।