এআইইউবি ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের মধ্যে সমঝোতা চুক্তি সই
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বিএফএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
গত বুধবার এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিএফএফের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক মঞ্জুর এইচ খান, ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন-ইনচার্জ অধ্যাপক আনোয়ার হোসেন, বিএফএফের কোষাধ্যক্ষ কাজী সাইফুল হক, জাতীয় কোচ মো. আবু জাহিদ চৌধুরী, এআইইউবির স্পোর্টস অফিসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীন প্রমুখ।
চুক্তির আওতায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এআইইউবি। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশে ফেন্সিং খেলার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।