বাংলাদেশে আসছেন প্রয়াত সিনেটর কেনেডির পরিবারের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড কেনেডি

প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ২৯ অক্টোবর ঢাকায় আসছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে এডওয়ার্ড এম কেনেডি আট দিনের এ সফর করবেন।

সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন বাংলাদেশ সফরে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়রের সফরসঙ্গীরা হলেন তাঁর স্ত্রী ক্যাথরিন কিকি কেনেডি, মেয়ে কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন ও ভাতিজা ম্যাক্স অ্যালেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র বাংলাদেশ সফরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, সেটি দেখবেন। এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের বিষয়ে বক্তৃতাও করবেন তিনি।

কেনেডি পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি, মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা।

আরও পড়ুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানকে মদদ দেন। তবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জোরালো সমর্থন ছিল সিনেটর টেড কেনেডি হিসেবে পরিচিত এডওয়ার্ড এম কেনেডির। তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে সফরে বাংলাদেশের শরণার্থীদের সঙ্গে কথা বলে পাকিস্তানি বাহিনী যে সাম্প্রতিক মানব ইতিহাসের ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, সে সম্পর্কে অবহিত হয়েছিলেন।

পরে যুক্তরাষ্ট্রে ফিরে মার্কিন সিনেটে ‘দক্ষিণ এশিয়ার সংকট’ শীর্ষক একটি প্রতিবেদন জমা দিয়েছিলেন। ওই প্রতিবেদনে তিনি বলেছিলেন, পাকিস্তানি বাহিনী আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ংকর মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। পাকিস্তানি বাহিনী ২৫ মার্চ রাতে পরিকল্পিতভাবে চরম আতঙ্কের বিস্তার ঘটিয়েছিল এবং গণহত্যা চালিয়েছিল, যার প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশের স্বাধীন হওয়ার দুই মাস পরই ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে সিনেটর এডওয়ার্ড এম কেনেডি বাংলাদেশ সফরে এসেছিলেন।