ঢাকায় বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে জন্ম নিল এক শিশু

রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মে অন্তঃসত্ত্বা নারীর প্রসবের ব্যবস্থা করা হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক শিশুর জন্ম হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ে শিশুটির জন্ম হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে করে অন্তঃসত্ত্বা নারী রুমা আক্তার (২২) বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন। হঠাৎ তাঁর প্রসব বেদনা শুরু হয়। বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মের একটি জায়গা প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঘিরে ওই নারীর সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। জন্ম নেয় নবজাতকটি।

মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। তাঁদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।