লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে প্রচারকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মাইক জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে পুলিশ অটোরিকশাটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ সময় প্রচারণায় থাকা দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত, অনাদায়ে তাঁদের এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন। এর আগে রাত আটটার পর প্রচারণা চালিয়ে সদর উপজেলার লাহারকান্দি গ্রাম থেকে আসার পথে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অটোরিকশাটি জব্দ করেন। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইকও জব্দ করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন প্রচারকর্মী সেকান্তর আলী ও অটোরিকশাচালক দেলোয়ার হোসেন। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহিরুল আলম বলেন, নির্বাচনী প্রচারের নীতিমালা অনুযায়ী বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত প্রচার-প্রচারণার সময় নির্ধারণ করা আছে। কিন্তু রাত আটটার পরও নীতিমালা ভঙ্গ করে মাইকে নৌকা প্রতীকের প্রচারণা চালানো হয়েছে। নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালিয়ে বিধি লঙ্ঘন করায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা প্রচারণা চালিয়ে সংসদ নির্বাচনী আচরণবিধি ২০০৮–এর ১৩ ও ১৮ ধারা লঙ্ঘন করেছেন। এতে তাঁদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।