দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে পদক্ষেপ নিতে উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশ
আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা কিংবা অন্যান্য পেশায় নিয়োজিতদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ, নির্দেশনা বা সতর্কবার্তা দেওয়া এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের একটি তদন্ত বা সতর্কতা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন। আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা কিংবা অন্যান্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে আইন-বিধি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া গত ২৬ অক্টোবর ওই রিট করেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।
উচ্চপর্যায়ের একটি তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের পাশাপাশি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। তিনি প্রথম আলোকে বলেন, এই কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে দ্বৈত পেশা বা ব্যবসায় নিয়োজিত আইনজীবী যদি সনদ বা লাইসেন্স সমর্পণ না করেন—এ ধরনের পেশা বা ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশনা বা সতর্কবার্তা দেবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতেও হবে।
এর আগে আইনজীবী যাঁরা আইন পেশার সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি/ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আছেন, তাঁদের বিরুদ্ধে ১৯৭২ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশের ৭০ অনুচ্ছেদ ও আচরণবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিলের সচিব বরাবরে আবেদন দেন রিট আবেদনকারী।
আবেদনে ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া উল্লেখ করেন, আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এ পেশার মর্যাদাকে অক্ষুণ্ন রাখা। আইনজীবীদের অনেকেই আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি, ঠিকাদারি, আদম ব্যবসা, গাড়ির শোরুম, বিদেশে অবস্থান করে চাকরি, পরিবহন ব্যবসা, ইট, বালু, সিমেন্টের ব্যবসা, মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের দোকান এবং কেউ কেউ আইন পেশার সনদ সারেন্ডার (সমর্পণ) না করে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক/প্রতিষ্ঠান, বিমা, ইনস্যুরেন্স কোম্পানি, ওষুধের ফার্মেসি, মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে ফুলটাইম বা পার্টটাইম চাকরি করছেন বলে জানা গেছে; যা বার কাউন্সিল আইন ও আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘিত হওয়ায় আইন পেশার মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে।
এতে ফল না পেয়ে গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়। এ অবস্থায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে রিটটি করা হয়।
২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া।