দুটি বই প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বই দুটিতে ‘বিতর্কিত’ বিষয় যুক্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিও করেছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির বৈঠকে ওই বিষয়ে কথা বলেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।
হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, পাঠ্যবইয়ের সমস্যাগুলো নিয়ে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছিলেন, সমস্যাগুলোর সমাধান করা হবে। পাঠ্যপুস্তকে আরও যেসব বিতর্কিত বিষয় রয়েছে, সেগুলোও প্রত্যাহার করতে হবে।
এ সময় পবিত্র ঈদুল ফিতরের আগে কারাবন্দী আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়ে হেফাজতের মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আলেম-ওলামারা। অনেকে অসুস্থ অবস্থায় বন্দী আছেন। তাঁরা আলেম–ওলামাদের মুক্তি চান।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি কেফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহিউদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস নদবী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।
উল্লেখ্য, ভুল ও অসংগতি নিয়ে বিতর্কের মুখে ১০ ফেব্রুয়ারি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহারের ঘোষণা দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।