সরেজমিন—২
প্রকল্পের কাজ কাগজে আছে, বাস্তবে নেই
নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের বিরুদ্ধে টিআর ও কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নরসুন্দা নদীর পাশে আচারগাঁও-দরগাবাড়ি পর্যন্ত বাইপাস সড়কে এলইডি সড়কবাতি স্থাপন করতে বরাদ্দ দেওয়া হয়েছিল দুই লাখ টাকা। কাগজপত্রে কাজ সম্পন্ন দেখিয়ে টাকাও তুলে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেখানে কোনো বাতির অস্তিত্ব পাওয়া যায়নি। সন্ধ্যায় পর সড়কটি অন্ধকারে ডুবে থাকে।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির একটি প্রকল্প এটি। সম্প্রতি ওই এলাকা ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সংসদ সদস্যের নামে থোক বরাদ্দের অন্যান্য টিআর ও গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিটা—কাজের বিনিময়ে টাকা) নিয়েও অনিয়মের নানা চিত্র পাওয়া গেছে। কোথাও কাজ না করে বরাদ্দের টাকা লোপাট করা হয়েছে। কোথাও কোথাও কাজ হয়েছে নামমাত্র। কোনো কোনো প্রকল্পের অস্তিত্বই পাওয়া যায়নি।
ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের অনুকূলে ২০২০-২১ অর্থবছরে চার ধাপে টিআর প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ কোটি ২ লাখ ৫১ হাজার ৮৮ টাকা। আর কাবিটা কর্মসূচিতে তিন ধাপে ৯৪টি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ২ কোটি ৩২ লাখ ২৪৮ কোটি টাকা।
বৃষ্টির পানিতে মাঠের কিছু মাটি নদীতে চলে যাওয়ায় তাঁরা কলেজের তহবিল থেকে মাঠ সংস্কার করেছিলেন, সরকারি টাকায় নয়।বাদল দত্ত, নান্দাইল পৌরসভার শহীদ স্মৃতি কলেজে, কলেজটির অধ্যক্ষ
টিআর প্রকল্পে যত অনিয়ম
২০২০-২১ অর্থবছরে টিআর কর্মসূচির প্রথম ধাপে বরাদ্দ দেওয়া হয়েছিল ৪৯ লাখ ৫৭ হাজার ৬৬৬ টাকা। মোট প্রকল্পের সংখ্যা ৭৩।
চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ে খেলার মাঠ সংস্কার বাবদ এক লাখ টাকা ও শ্রেণিকক্ষ সংস্কার বাবদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাখন চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালে খেলার মাঠ সংস্কার বাবদ দুই লাখ টাকার একটি প্রকল্পের কথা শুনেছিলেন। মাঠ সংস্কার করে স্কুলের একটি পরিত্যক্ত ভবনের দুটি দরজা ও কয়েকটি জানালার সংস্কার করা হয়। কিন্তু শ্রেণিকক্ষ সংস্কার বাবদ কোনো বরাদ্দের কথা তিনি জানেন না।
চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি এলাকার ইব্রাহিমের বাড়ি থেকে আবদুর জব্বারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে বরাদ্দ দেওয়া হয়েছিল ৯০ হাজার টাকা। কাগজপত্রে কাজ হলেও স্থানীয় বাসিন্দা রিপা আক্তার, রমজান আলী ও মো. হাছেন জানান, পাঁচ বছর আগে এই রাস্তায় মাটি ফেলার কাজ হয়েছিল, এরপর আর কাজ হয়নি।
এই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মহসিন আহম্মেদ দাবি করেন, এই রাস্তার পাশে পুকুরপাড়ে একটি গর্ত ভরাট করা হয়েছে।
গাংগাইল ইউনিয়নের ধনরামা এলাকায় হুমায়ুনের বাড়ি থেকে তারেকের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের জন্য বরাদ্দ ছিল ৯০ হাজার টাকা। সেখানে গিয়ে জানা গেল, রাস্তাটি ব্যক্তিগত। স্থানীয় বাসিন্দা আবদুল বারেক, শাহানা বেগম ও রুবেল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই রাস্তায় কখনো সরকারি কোনো প্রকল্পের কাজ হয়নি।
একইভাবে বীর বেতাগৈর ইউনিয়নের চৈতনখালী প্রধান সড়ক থেকে মজিবুর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে বরাদ্দ দেওয়া হয়েছিল ৫০ হাজার টাকা। সেখানে সরকারি কোনো রাস্তাই নেই। একটা হাঁটার পথ আছে, সেটা ব্যক্তিগত।
নান্দাইল পৌরসভার আচারগাঁও গ্রামে ভাষাসৈনিক খালেক নেওয়াজ খানের বাড়ি। সেখানে খালেক নেওয়াজ খান স্মৃতি পাঠাগার পরিচালনা করে তাঁর পরিবার। টিআর প্রকল্পের তৃতীয় ধাপে পাঠাগারটির উন্নয়ন ও মেরামত বাবদ বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা।
খালেক নেওয়াজ খানের ছেলে কাদের নেওয়াজ খান এই প্রতিবেদককে বলেন, তাঁরা দুই বছর আগে জাতীয় গ্রন্থাগার থেকে নগদ টাকা ও বই পেয়েছিলেন। এ ছাড়া মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় গণগ্রন্থাগার থেকে কিছু বই পেয়েছেন। এর বাইরে কোনো প্রকল্পের কথা তাঁর জানা নেই।
তবে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান দাবি করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সই করার পর তিনি সই করেছেন। এ ক্ষেত্রে তাঁর দায় নেই। তিনি বলেন, দলীয় নেতা-কর্মী দিয়ে কাজ করানোর কারণে ছোটখাটো সমস্যা হতে পারে। কিন্তু তাঁর দলীয় প্রতিপক্ষ এগুলো বড় করে দেখায়।
কাবিটা প্রকল্পেও নয়ছয়
২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির অধীন তিন ধাপে কাবিটা প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ কোটি ৩২ লাখ ২৪৮ টাকা। মোট প্রকল্প ৯৪টি। প্রথম পর্যায়ের বীর বেতাগৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকার হারুনের বাড়ি থেকে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কারের নামে বরাদ্দ হওয়া চার লাখ টাকা তুলে নেওয়া হয়।
কিন্তু সরেজমিনে দেখা যায় রাস্তাটি খানাখন্দে ভরা। ওই বিদ্যালয়ের সামনের বাড়ির আবদুস সোবহান ও ফরিদ মিয়া এই প্রতিবেদককে জানান, গত তিন বছরের মধ্যে ওই রাস্তায় কোনো কাজ হয়নি। একই কথা জানালেন ইউপি সদস্য আবদুল জলিলও।
ওই প্রকল্পের সভাপতি বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তাঁর দাবি, ‘আমি শতভাগ কাজ করেছি।’
চর বেতাগৈর ইউনিয়নের ‘বীর কামাটখালী উত্তরের বাজারের নামা থেকে শামে মেম্বারের বাড়ি হয়ে চরকামাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারকাজে’ বরাদ্দ দেওয়া হয়েছিল চার লাখ টাকা। স্থানীয় বাসিন্দারা জানান, সেখানে নামমাত্র কাজ হয়েছে। গাংগাইল ইউনিয়নের উন্দাইল এলাকায় ‘বাচ্চু মিয়ার বাড়ি থেকে মজিদের বাড়ি হয়ে মোহাম্মদের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের’ নামে কেবল কিছু গর্ত ভরাট করা হয়েছে। এই কাজেও বরাদ্দ ছিল চার লাখ টাকা।
কাবিটা কর্মসূচির তৃতীয় পর্যায়ে চণ্ডীপাশা ইউনিয়নের ডাংরী সিঅ্যান্ডবি রাস্তা থেকে সোলায়মান মুন্সির বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ দেখানো হয়েছে। এই কাজে বরাদ্দ দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা। প্রকল্পের সভাপতি ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা। তিনি দাবি করেন, রাস্তায় মাটি ফেলা হয়েছে।
তবে সরেজমিনে গিয়ে রাস্তাটি ভাঙাচোরা দেখা যায়। স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ ও সুরুজ আলী বলেন, এই রাস্তায় গত দুই বছরেও কোনো কাজ হয়নি।
নান্দাইল পৌরসভার শহীদ স্মৃতি কলেজে রফিক উদ্দিন ভূঁইয়া স্মৃতি তোরণসংলগ্ন মাঠ ভরাটে চার লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল। কলেজটির অধ্যক্ষ বাদল দত্ত প্রথম আলোকে বলেন, বৃষ্টির পানিতে মাঠের কিছু মাটি নদীতে চলে যাওয়ায় তাঁরা কলেজের তহবিল থেকে মাঠ সংস্কার করেছিলেন, সরকারি টাকায় নয়।
আগের কমিশনের কিছু পর্যবেক্ষণ ছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, দুদকের বর্তমান চেয়ারম্যান
কাগজপত্রে এই প্রকল্পের সভাপতি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য দবীর উদ্দিন ভূঁইয়ার নাম উল্লেখ আছে। কিন্তু তিনি প্রথম আলোকে বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘ভাষাসৈনিক খালেক নেওয়াজ খান স্মৃতিতোরণসংলগ্ন মাঠ ভরাট’ বাবদ সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এই নামে মাঠের অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন প্রথম আলোকে বলেন, তোরণ নির্মাণে টিআর-কাবিটার বরাদ্দ পাওয়া যায় না। তাই বরাদ্দ নিতে কাগজপত্রে মাঠ দেখানো হয়েছে।
গত বছরের ২৭ মে পর্যন্ত নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন মো. এরশাদ উদ্দিন। তিনি এখন রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইউএনও। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১০০টি প্রকল্প হলে সব প্রকল্প দেখার সুযোগ হয় না। পিআইওর (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সুপারিশের পর বিল ছাড়েন। কোনো অনিয়মের ঘটনা ঘটলে পিআইও বলতে পারবেন।
নান্দাইলের ওই সময়ের পিআইও ছিলেন আবদুল আলিম। তিনি এখন বাগেরহাটের শরণখোলা উপজেলায় কর্মরত। তিনি দাবি করেন, সব প্রকল্পের কাজ ঠিকভাবে হয়েছে। কোনো ভুয়া প্রকল্প ছিল না।
দুর্নীতির অভিযোগ আগেও ছিল
২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে সাধারণ সহায়তার (জিআর) তিন কোটি টাকার চাল আত্মসাতের অভিযোগ উঠেছিল সংসদ সদস্য আনোয়ারুল আবেদীনের বিরুদ্ধে। ভুয়া ও জাল সইয়ের মাধ্যমে এই চাল আত্মসাৎ করার প্রাথমিক সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২০ সালে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের অনুসন্ধান প্রতিবেদনে সিআইডির মতামতসহ সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, সাবেক ইউএনও মো. শাহানুর মিয়া, সাবেক পিআইও এ বি এম সিরাজুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এই বিষয়ে জানতে চাইলে দুদকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, আগের কমিশনের কিছু পর্যবেক্ষণ ছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রত্যেক সংসদ সদস্য নির্বাচনী এলাকাভিত্তিক থোক বরাদ্দের প্রকল্পগুলোর সর্বময় ক্ষমতার অধিকারী। কাকে কাজ দেওয়া হবে, সেটাও ঠিক করেন তাঁরা। নান্দাইলে স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, আনোয়ারুল আবেদীন খান তাঁর পছন্দের দলীয় নেতা, জনপ্রতিনিধি বা কাছের লোকদের প্রকল্প সভাপতি করেছেন। কোথাও কেবল কাগজপত্রে কাজ দেখিয়ে, কোথাও সামান্য কাজ করে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। (শেষ)