বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন, জেলা প্রশাসক বরাবর আবেদন

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা আইনজীবী সৈয়দ সায়েদুল হক (তিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত)। এ জন্য নির্বাচনের ফরমে তাঁর স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজ রোববার ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি দিয়েছেন।

জানতে চাইলে আইনজীবী লিটন আহমেদ প্রথম আলোকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ সত্তরের বেশি ব্যক্তি গ্রেপ্তার হন। একই বছরের ২২ অক্টোবরে সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।