১৪ বছর আগে শিশুকে অপহরণ–হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

আদালতপ্রতীকী ছবি

১৪ বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আট বছরের এক শিশুকে অপহরণের পর হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড।

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন মাহমুদা খানম ও বিল্লাল শেখ।

এ ছাড়া দণ্ডিত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৩ জন ও আসামিপক্ষে ৮ জন সাক্ষ্য দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ৫ জুলাই কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের শিশু মাহফুজকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে একই বছরের ২০ আগস্ট মাহমুদার বাড়িতে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। শিশুটির মরদেহ তাদের বাড়ির পাশের একটি মেহগনিবাগানে ফেলে রাখা হয়।

এ ঘটনায় মাহফুজের মা স্বপ্না বেগম কাশিয়ানী থানায় মামলা করেন। ২০১২ সালের ২০ নভেম্বর এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৩ সালে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ স্থানান্তর করা হয়। ২০১৪ সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।