গণহত্যার হাহাকার, শোষণের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র

পররাষ্ট্রসচিবের আশা, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দেবে এবং যারা গণহত্যা সংঘটিত করেছে, তাদের শাস্তির কথা বলবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বে অব ব্লাড নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন ভারতীয় পরিচালক কৃষ্ণেন্দু বোস। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে
ছবি: প্রথম আলো

‘আমি গরিব মানুষ, টাকা নেই, তোমাদের দেওয়ার মতো কিছু নেই। একমাত্র ছেলে আছে, ওকে মুক্তিবাহিনীতে নিয়ে যাও।’ মুক্তিবাহিনী গ্রামটির পাশ দিয়ে যাওয়ার সময় এক মা এভাবে ছুটতে ছুটতে এসে তাঁর ছেলেকে দেশের জন্য দিয়ে দিতে চেয়েছিলেন।

ধর্ষণের শিকার এক নারী বলছিলেন, বাড়িটিতে যখন পাকিস্তান বাহিনী হামলা চালায়, তখন তাঁর কোলে থাকা ছোট ছেলেটি ভয়ে তাঁর বুক খামচে ধরেছিল। শিশুটি আর বাঁচেনি। ওই নারী বলছিলেন, ‘ছেলেটা ডরে মারাই গেল।’

বাংলাদেশের গণহত্যা নিয়ে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণেন্দু বোসের বে অব ব্লাড (রক্তে রাঙা সাগর) প্রামাণ্যচিত্রে এমন বয়ান উঠে আসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, প্রত্যক্ষদর্শী ও নির্যাতনের শিকার নারীদের মুখে। বাংলাদেশে প্রথমবারের মতো ৯৫ মিনিটের প্রামাণ্যচিত্রটির প্রদর্শন হয় গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়।

প্রামাণ্যচিত্রে অংশ নিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি ও সাধারণ জনগণের অনেকেই বলেছেন তাঁদের সামনেই পরিবারের সদস্যদের হত্যার কথা, কেউ বলছেন কীভাবে পাকিস্তানি শাসকদের শোষণের মুখে দেশ স্বাধীন করার দাবি প্রকট হয়েছিল।
বে অব ব্লাড দেখতে জাদুঘর মিলনায়তন দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে।

প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আগে সংক্ষিপ্ত আলোচনায় সম্মানীয় অতিথির বক্তব্যে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘মুক্তিযুদ্ধ একই সঙ্গে আমাদের গর্ব ও বেদনার ইতিহাস। বে অব ব্লাড প্রামাণ্যচিত্র এ দেশের মানুষের আত্মত্যাগ ও অশুভের বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরেছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের গণহত্যা নিয়ে আরও জানাতে পারবে।’ তিনি আশা করেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যার স্বীকৃতি দেবে এবং যারা এই গণহত্যা সংঘটিত করেছে, তাদের শাস্তির কথা বলবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘প্রামাণ্যচিত্রটি ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের বীরোচিত লড়াইয়ের কথা তুলে এনেছে। বাংলাদেশ ও ভারত—দুই পক্ষই ত্যাগ স্বীকার করেছে। তাদের এই ত্যাগের কথা কখনো যেন আমরা ভুলে না যাই এবং তাদের প্রতি সব সময় সম্মান প্রদর্শন করি।’
পরিচালক কৃষ্ণেন্দু বোস বলেন, প্রামাণ্যচিত্রটি নির্মাণের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বাংলাদেশের গণহত্যার বিষয়ে বে অব ব্লাড বিশ্বের জন্য একটি বড় বার্তা বহন করেছে।

প্রসঙ্গত, ‘বাংলাদেশের গণহত্যার কথা বিশ্ববাসী জানে না’ শিরোনামে বে অব ব্লাড প্রামাণ্যচিত্র নিয়ে গতকাল প্রথম আলোর ছাপা সংস্করণে পরিচালক কৃষ্ণেন্দু বোসের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে কৃষ্ণেন্দু বোস প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বলেন, অনেকেই সাক্ষাৎকারটি পড়ে বে অব ব্লাড–এর বিষয়ে জানতে পেরেছেন এবং প্রামাণ্যচিত্রটি দেখতে আগ্রহী হয়েছেন।

প্রশ্নের জবাবে কৃষ্ণেন্দু বোস বলেন, এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে তিনি ১৯৪৭ থেকে ১৯৭২—এই ২৫ বছরের ইতিহাস তুলে ধরেছেন। প্রামাণ্যচিত্রটি তৈরির মাধ্যমে বাংলাদেশের গণহত্যার বিষয়ে বিশ্ববাসীকে জানাতে তিনি অর্ধেক কাজ করেছেন। বাকি অর্ধেক কাজ দেশ-বিদেশে থাকা বাংলাদেশের মানুষদের করতে হবে।

প্রামাণ্যচিত্রটি তিনি নিজ অর্থে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আর্থকেয়ার থেকে নির্মাণ করেছেন। যেকোনো ওটিটি প্ল্যাটফর্ম এটি কিনে নিতে পারবে।

অনুষ্ঠানে জানানো হয়, রোববার (আজ) সকাল ১০টায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) বে অব ব্লাড–এর দ্বিতীয় প্রদর্শনী হবে।