সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে অধস্তন আদালতগুলোর উদ্দেশে জারি করা এক সার্কুলারে ‘দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০’-এর বিধান যথাযথভাবে পালনের কথা বলা হয়েছে। এই সার্কুলারে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের একটি আদেশ এবং ২০১৯ সালে প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স নিয়ে হাইকোর্টের দেওয়া একই রকম একটি সাকুর্লারের উল্লেখ রয়েছে। সর্বশেষ জারি করা হাইকোর্টের এই সার্কুলারে নিম্ন আদালতের বিচারকদের আগের নির্দেশনাগুলোই মেনে চলতে বলা হয়েছে।
প্রবেশন কী
প্রবেশন বলতে বোঝায় কোনো অপরাধীকে তাঁর প্রাপ্য শাস্তি স্থগিত রেখে এবং কারাগারে না পাঠিয়ে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ প্রদান করা। প্রবেশনব্যবস্থায় প্রথম ও লঘু অপরাধে দণ্ডিত শিশু-কিশোর বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কারাগারে না পাঠিয়ে আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে নিজ বাসায় বা পরিবারের সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিকে এভাবে সামাজিক পরিবেশে রেখে তাঁকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। প্রবেশন একটি সামাজিক সংশোধনী কার্যক্রম। কেউ যাতে পুনরায় অপরাধে না জড়ান এবং একজন আইনমান্যকারী নাগরিক হিসেবে গড়ে ওঠেন, প্রবেশনের মাধ্যমে সেই চেষ্টাই করা হয়।
প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০
দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০ (সংশোধিত ১৯৬৪)-এর আওতায় ক্ষমতাপ্রাপ্ত আদালত প্রথম ও লঘু অপরাধে জড়িত শিশু-কিশোর বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে শর্ত সাপেক্ষে প্রবেশন মঞ্জুর করতে পারে। তবে শিশু-কিশোরদের জন্য এই আইনি সুবিধা অগ্রাধিকার পায়। শিশু আইন ২০১৩-এর আওতায়ও শিশু-কিশোরেরা শিশু আদালতের মাধ্যমে প্রবেশনব্যবস্থার সুযোগ পায়। উপরিউক্ত দুটি আইনের আওতায় বিজ্ঞ বিচারকদের সহায়তা করার জন্য, আদালতের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা দেখার জন্য এবং তত্ত্বাবধান ও সংশোধনী কার্যক্রম পরিচালনার জন্য সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়।
প্রবেশন আইনের ৫ ধারা অনুযায়ী, পুরুষ আসামিরা মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডবিধির নির্দিষ্ট কয়েকটি ধারায় অপরাধের দণ্ড ব্যতীত যেকোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারেন। আর নারী আসামিরা মৃত্যুদণ্ড বাদে যেকোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারেন।
কীভাবে প্রবেশনের সুযোগ পাওয়া যায়
প্রবেশন মঞ্জুর করা আদালতের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা। বিচারকার্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কোনো ব্যক্তি যখন আইনের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হন কিংবা ব্যক্তি যদি দোষ স্বীকার করেন, তখন আদালত প্রবেশনের সুযোগ দিতে পারেন। আইনের অধীন প্রবেশন আদেশের শর্তাবলি পালনে অঙ্গীকারবদ্ধ হয়ে দণ্ডিত ব্যক্তি সংশোধন ও পুনর্বাসনের দ্বারা উপকৃত হতে পারে, এমনটা প্রতীয়মান হলে আদালত প্রবেশনের আদেশ দিতে পারেন। এ ক্ষেত্রে অপরাধীর চরিত্র, প্রাক্-বংশপরিচয়, পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা তদন্ত করে প্রবেশন কর্মকর্তাকে আদালতের কাছে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তদন্ত করে প্রবেশন কর্মকর্তা যদি বুঝতে পারেন, অপরাধীর প্রবেশনের বা সমাজভিত্তিক সংশোধনের সুযোগ রয়েছে, তাহলে তিনি প্রবেশনের সুপারিশ করেন। অন্যথায় অপরাধীকে শাস্তি পেতে হয়। আদালত মামলার কাগজপত্র ও সার্বিক অবস্থা পর্যালোচনা করে নিজ উদ্যোগেও প্রবেশন মঞ্জুর করতে পারেন।