তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি বিদেশে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

গতকাল বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তিন দিনের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে মস্কো থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কো সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি তিনি রুশ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেস্টা হুমায়ুন কবির রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই মুহূর্তে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগামী সোমবার অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে।

রাশিয়া থেকে কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতিতে সমন্বয়ের অংশ হিসেবে টেকসই উন্নয়ন এবং জাতিসংঘের সংস্কারের মতো বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিষয়গুলো আলোচনায় আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, সাত বছর পর বাংলাদেশের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম মস্কো সফর। ২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এরপর ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে জয়লাভের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, খলিলুর রহমান রাশিয়ায় একজন অত্যন্ত দক্ষ পেশাজীবী, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী রাজনীতিক এবং কূটনীতিক হিসেবে পরিচিত। বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থায় বড় ধরনের সংকটের এ সময়ে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গভীর উপলব্ধি এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ ও সমঝোতার উপায় খুঁজে বের করার সক্ষমতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মস্কো নবনির্বাচিত সভাপতির সেই অভিপ্রায়কে স্বাগত জানায়, যার মধ্যে রয়েছে বৈশ্বিক দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি ত্বরান্বিত করা, সাধারণ পরিষদের কার্যকারিতা জোরদার করা এবং বৈশ্বিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কারী ভূমিকা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা। রাশিয়া খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।