‘সংবিধানকে দলীয় ম্যানিফেস্টোতে পরিণত করেছে বিগত সরকার’

আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। আজ দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনেছবি: প্রথম আলো।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত সরকার সংবিধানকে দলীয় ম্যানিফেস্টোতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, ‘যে সংবিধানে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা সংশোধনীর মাধ্যমে ধূলিসাৎ করা হয়েছে, সেই সংবিধানের পরিবর্তন অবশ্যই আমরা চাই। সেই আকাঙ্ক্ষা থেকে আজকে আমাদের লড়াই। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আমাদের ৩১ দফা।’

গতকাল শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে দলের জেলা শাখা।

সভায় মো. শাহজাহান বলেন, ‘৩১ দফা এখন আর বিএনপির দফা নয়, এটি এখন সমগ্র বাংলাদেশের দফা। এটিকে যেহেতু আমরা বাংলাদেশের জনগণের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেছি, তাই বাংলাদেশের জনগণকে এই ৩১ দফা সম্পর্কে বোঝাতে হবে, তাদের মস্তিষ্কের ভেতর যাতে এটা ধারণ করেন, সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, এই ৩১ দফার মধ্যে প্রথমটি হলো সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন হবে। সময়ের দাবিতে এটি সংশোধন হবে। পৃথিবীতে একটি মাত্র সংবিধানের কোনো সংশোধন নাই। সেটি হলে আল কোরআন। এ ছাড়া পৃথিবীতে আর যত সংবিধান আছে, সেই আমেরিকা বলেন আর ব্রিটেন বলেন, সারা পৃথিবীতে যত দেশের যত সংবিধান আছে, সব কটি পরিবর্তনশীল। সময়ের প্রেক্ষাপটে সেটা পরিবর্তন হবে, সংস্কার হবে।

মো. শাহজাহান বলেন, ‘আমাদের মধ্যে অনেকে আছেন, যাঁরা বলেন নতুন করে একটি সংবিধান তৈরির পর, সংস্কার করার পর, নির্বাচন হবে। তবে সংবিধান তো পরিবর্তনশীল, আজকে আমরা পরিবর্তন করলেও ১০ বছর, ২০ বছর পর আবার পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তাই আমাদের দাবি জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দিতে হবে। তিনি বলেন, ৩১ দফার মধ্যে একটি দফা আছে আবার রেফারেন্ডামের (গণভোট) প্রবর্তন করতে হবে। রেফারেন্ডামের ব্যবস্থা জিয়াউর রহমান দিয়েছিলেন, সেই রেফারেন্ডামকে বর্তমান সংবিধানে সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার। সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম মাহবুব উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা আবু সায়েম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম, জেলা বিএনপির সদস্য মাহবুব আলমগীর প্রমুখ।