বিদেশিদের ‘দেখাতে’ সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। ছয়টি দল ও সংগঠনের এই জোট ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন নয়, পুরোপুরি প্রত্যাহার চেয়েছে। এই জোটের নেতারা এটিও মনে করেন, আইনটি বাতিল করা না হলে বর্তমান ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরাই একসময় এর ভুক্তভোগী হবেন।
মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণভ্যুত্থানের পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে। গণতন্ত্র মঞ্চের এক বছর পূর্তি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন হলেই সরকার মনে করে ষড়যন্ত্র হচ্ছে।
মানুষ প্রস্তুত আছে, গণ–অভ্যুত্থান নিশ্চয়ই হবে বলে মনে করেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না।
পশ্চিমা বিশ্বকে আশ্বস্ত করতে সাইবার নিরাপত্তা আইনের নামে সরকার ‘আইওয়াশ’ করতে চাইছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ চাপ দিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তখন সরকার নির্বাচনের আগে বিদেশিদের দেখাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হচ্ছে। সরকার আইনটি বাতিল করেনি, নাম বদলে দিয়েছে। এই আইন বাতিলের দাবি জানান তিনি।
সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, সরকার নতুন নামে যে আইন করতে যাচ্ছে, তাতে তাদের কর্মীরাই ভবিষ্যৎ নিপীড়নের শিকার হবেন। নিজেদের কর্মীদের রক্ষা করতে হলেও এই আইন চূড়ান্তভাবে বাতিল করা উচিত।
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম।