করোনা চিকিৎসায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতাল চালু
রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতাল চালু হলো। হাসপাতালটি আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু করল। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বঙ্গবন্ধুর সহধর্মিনীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার শয্যায় উন্নীত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা চিকিৎসার সব ধরনের সুযোগ-সুবিধা এই ফিল্ড হাসপাতালে আছে। তবে সব রোগীকে এখানে ভর্তি করা হবে না। নতুন রোগী ও মুমূর্ষু রোগীরা এখানে আসবেন, তাঁদের চিকিৎসা দেওয়া হবে।
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোতে কোথাও আইসিইউ বেড খালি নেই। করোনা চিকিৎসায় সারা দেশে ১৭ হাজার সাধারণ শয্যা আছে। সেগুলোর প্রায় সবগুলোতেই রোগী ভর্তি হয়ে গেছেন।
জাহিদ মালেক আরও বলেন, হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সংক্রমণ কমানোর সময় এসেছে। হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।
বঙ্গবন্ধুর সহধর্মিনীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়। এ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য একটি ১০ হাজার লিটারের অক্সিজেন ভিআই ট্যাংক স্থাপন করা হয়েছে। থাকছে ভর্তি রোগীদের পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থাও।
ফিল্ড হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।