খিলজি রোডের অলিগলি আরও দুরবস্থায়
রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে মোহাম্মদপুর খিলজি রোড ও আশপাশের অলিগলির অবস্থা এখন আরও খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে খিলজি রোডসংলগ্ন শ্যামলী সিনেমা হলের উত্তর প্রান্তের রাস্তা এখন ভাঙাচোরা। প্রতিদিন রিকশা-অটোরিকশা উলটে যাওয়ার ঘটনা ঘটছে।
প্রায় ১৪ মাস আগে গত বছরের আগস্টে এ রাস্তার বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে বলা হয়েছিল, দ্রুত মেরামত করা হবে। গতকাল শনিবার এলাকায় গিয়ে জানা যায়, কিছু খোয়া দিয়ে রাস্তার খানাখন্দ ভরাট করেই দায়িত্ব শেষ করা হয়েছিল। তারপর বর্ষার পর রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়েছে।
রাস্তার দুপাশে শতাধিক দোকান। ভাঙা রাস্তায় দিন-রাতে লক্ষাধিক লোকের যাতায়াত। ব্যবসায়ীরা বলেন, প্রায় সাড়ে চার বছর হলো রাস্তাটির মানসম্মত সংস্কার হয়নি। শ্যামলী প্রধান সড়কের সঙ্গে লাগোয়া প্রায় ৬০ ফুটের এই রাস্তা। এলাকায় রয়েছে নর্থ সাউথ মেডিকেল কলেজ, আশা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা এই রাস্তা ধরেই চলাচল করেন। জেবি গার্মেন্টস, গোল্ডস্টার গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানার কর্মীদেরও যাতায়াত এই রাস্তায়। এর ফলে চলাচলে সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়।
ছোট্ট রাস্তার দুপাশে ফার্মেসি, রেস্তোরাঁ, আবাসিক হোটেলসহ শতাধিক দোকান। তাজিন আবাসিক হোটেল, শ্যামলী হল সুপার মার্কেটের ভাই ভাই বিরিয়ানি হাউস, মেহ্জাবিন মেডিসিন কর্নার, জেরিন ফার্মাসহ কিছু দোকানের লোকজনের সঙ্গে কথা বললে সবাই রাস্তার কারণে চরম অসুবিধা ও ব্যবসায়িক ক্ষতির কথা জানান। দোকানিরা ক্ষোভের সঙ্গে বলেন, এত সড়ক মেরামত হয়, কোটি কোটি টাকা খরচ করা হয়, কিন্তু এই সড়কটি ভালোভাবে মেরামত করার তাগিদ কেউ অনুভব করেন না। বৃষ্টি হলে ভাঙা এই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পানি নেমে গেলে কাদার জন্য হাঁটা যায় না।
নর্থ সাউথ মেডিকেল কলেজের ছাত্র মোয়াজ্জেম হোসেন ও তাঁর দুজন সঙ্গী মিরপুর ১ নম্বর এলাকা থেকে এখানে আসেন। বাস থেকে নেমেই সহজ পথ বলে এই রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু চলাচল করতে গিয়ে প্রায়ই তাদের হোঁচট খেতে হয়।
গোল্ডস্টার গার্মেন্টসের কর্মী আরফিন সুলতানা সম্প্রতি এক সন্ধ্যায় এই রাস্তায় চলতে গিয়ে পড়ে গিয়ে আহত হন বলে জানান।
রাস্তাটির বিষয়ে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুদরতউল্লাহ গতকাল বলেন, আগে মেরামত হলেও আবার খারাপ হয়েছে কেন, তা খতিয়ে দেখা হবে। শিগগিরই এলাকার অনেকগুলো রাস্তার সঙ্গে এই রাস্তাও উন্নয়ন প্রক্রিয়ায় আনা হবে।