ছাত্রী ধর্ষণ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ৯ নভেম্বর আসামি পরিমলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত।

গতকাল রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ তারিখ ধার্য করেন। এর আগে এ মামলায় কারাগারে আটক পরিমল জয়ধরকে আদালতে হাজির করা হয়।

গতকাল রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুনানি উপস্থাপন করে। পরে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। তবে গতকাল যুক্তিতর্ক শুনানি শেষ না হওয়ায় আদালত ৯ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন এবং পরিমলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিক্ষক পরিমলের বিরুদ্ধে ২০১১ সালের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণির একজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করা হয়। ৭ জুলাই পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। ২০১১ সালের ২৮ নভেম্বর পরিমলকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় অভিযোগ থেকে বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমান ও অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনকে উপস্থাপন করেছে।