পুলিশ বক্সে হবে প্রাথমিক চিকিৎসা
রাজধানীতে ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগে স্থাপিত ২০টি পুলিশ বক্সে এখন থেকে প্রাথমিক চিকিৎসা পাবেন আহত বা দুর্ঘটনার কবলে পড়া মানুষ। আজ শনিবার শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিকসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স, অগ্নিনির্বাপণ যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানি থাকবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম এই নাগরিক সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সড়কে যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে প্রথমে এগিয়ে আসে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার শিকার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়াসহ হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তারা। অথচ প্রাকৃতিক দুর্যোগসহ ঝড়–বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মতো ট্রাফিকের কোনো জায়গা থাকে না। এ ছাড়া প্রাকৃতিক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় তাঁরা কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন।
এসব দিক বিবেচনায় সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে উড়ালসড়কের নিচে অব্যবহৃত জায়গায় এ ধরনের ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্র স্থাপন করা যেতে পারে।
ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিটি ট্রাফিক পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স, অগ্নিনির্বাপণ যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানিসহ অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা রাখা হবে। ২০টি ইন্টারসেকশনে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্স নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলার পাশাপাশি মানবিক সহায়তায় এগিয়ে আসবে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন ট্রাফিককে ফার্স্ট এইড বক্স ও অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে সহায়তা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, ট্রাফিকের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আবদুর রাজ্জাকসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।