বনানীতে আরও তিনজন অমিক্রনে আক্রান্ত

করোনার অমিক্রন ধরন
প্রতীকী ছবি: রয়টার্স

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে আরও তিনজন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে সাতজন অমিক্রন ধরনে সংক্রমিত হলেন। নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা। তাঁদের মধ্যে দুজনই নারী।

আজ বুধবার সকালে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে।

জিআইএসএআইডি জানিয়েছে, নতুন করে সংক্রমিত দুই নারীর একজনের বয়স ৩০, আরেকজনের বয়স ৪৭ বছর। তাঁদের একজনের নমুনা নেওয়া হয়েছে ১৯ ডিসেম্বর এবং আরেকজনের ৮ ডিসেম্বর। অমিক্রনে আক্রান্ত হওয়া পুরুষ ব্যক্তিটির বয়স ৮৪ বছর। তাঁর কাছ থেকে নমুনা নেওয়া হয় ১৯ ডিসেম্বর। নতুন করে অমিক্রনে সংক্রমিত এই তিনজনই সুস্থ আছেন।

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) ওই তিনজনের নমুনা সংগ্রহ করে এবং সে নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিশ্লেষণ করে জিআইএসএআইডিতে পাঠিয়েছে। নতুন সংক্রমিত ব্যক্তিদের সম্পর্কে এর বেশি বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসের অমিক্রন ধরনে এক নারী সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। সংক্রমিত এই নারী রাজধানীর বাসাবোর বাসিন্দা। তাঁর বয়স ৩৩ বছর। ২০ ডিসেম্বর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। এর আগের দিন ঢাকার ৫৬ বছর বয়সী আরেক ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জিআইএসএআইডির তথ্যে জানা যায়।

দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তাঁরা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

নারী ক্রিকেট দলটি জিম্বাবুয়ে থেকে ১ ডিসেম্বর দেশে ফেরে। ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আর ১১ ডিসেম্বর জানা যায়, তাঁরা অমিক্রন ধরনেই আক্রান্ত হয়েছেন। এরপর ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তিনি অবশ্য অমিক্রনে নয়, ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন। তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।