রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪৬)। গতকাল সোমবার দিবাগত রাতে কাকরাইল মসজিদের কাছে কাকরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুবীর কুমার কর্মকার
ছবি: সংগৃহীত

নিহত শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশ হতে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ শাখায় কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রমনা থানার উপপরিদর্শক এসআই সুবীর কুমার কর্মকার।

তিনি বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, ডিউটি শেষে মোটরসাইকেলযোগে ব্যারাকে ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে রাত একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে। শহিদুল ইসলামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।