সদরঘাটে লঞ্চের কেবিনে নারীর লাশ

প্রতীকী ছবি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল রুটের একটি লঞ্চের কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ।

সদরঘাট নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি পারাবত-১২ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, আজ সকালে লঞ্চটি বরিশাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়। সব যাত্রী নেমে গেলেও লঞ্চের কর্মীরা ৩১২ নম্বর কেবিনটি বন্ধ পান। পরে নৌ পুলিশকে খবর দেওয়া হলে তারা দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে। আনোয়ার নামের এক ব্যক্তির নামে ওই কেবিন বুকিং দেওয়া হয়েছিল।

ওসি কায়ুম আলী সরদার জানান, ইতিমধ্যে লঞ্চের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে ওই নারী বরিশাল লঞ্চঘাট থেকে লঞ্চে ওঠেন। তাঁর মৃত্যুরহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। কেবিনে ইঁদুর মারার দুই প্যাকেট ওষুধ পাওয়া গেছে।