সৌজন্য সাক্ষাতের জন্য অফিসে এসেছিলেন ইমন: ডিবি

ইমন
ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ঢালিউড তারকা মামনুন ইমন। গতকাল সোমবার রাতে তিনি ডিবি কার্যালয়ে যান। সেখানে তাঁর ছবির ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, অভিনেতা ইমন রাতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি তাঁর ছবি ব্যাপারে কথা বলতে এসেছিলেন। চা খেয়ে চলে গেছেন।

সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা নিয়ে ইমন শঙ্কার কথা জানিয়েছেন কি না—এ ব্যাপারে জানতে চাইলে হারুন অর রশিদ প্রথম আলো বলেন, ‘সার্বিক বিষয়ে কথা হয়েছে।’

আরও পড়ুন

রোববার রাতে ফেসবুকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর একটি কল রেকর্ড ফাঁসের ঘটে।

এদিকে ইমন প্রথম আলোকে বলেন, ‘হারুন ভাই আমার পূর্বপরিচিত। তাঁর সঙ্গে এর আগে নানা সময়ে আমার দেখা ও কথা হয়েছে। গতকাল যখন মন্ত্রীর সঙ্গে কল রেকর্ড ফাঁস হয়, সারা দিন এ নিয়ে আমাকে কথা বলতে হয়। আমি নিজের অবস্থান সবাইকে পরিষ্কার করলেও সহকর্মীরাই আমাকে ভুল বোঝেন। কেউ কেউ আবার আমাকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্টও দেন। এসব আমাকে খুবই বিব্রত করেছে, কষ্ট দিয়েছে। ফেসবুকে অনেকে আবার আমাকে নিয়ে নেতিবাচক নানা কথাবার্তা বলার চেষ্টা করেছে। বিপর্যস্ত আমি, তাই হারুন ভাইয়ের সঙ্গে কথা বলে রাতেই তাঁর অফিসে দেখা করতে যাই। আমার অবস্থান তাঁর কাছে পরিষ্কার করি।

এরপর এসব বিষয়ে আমার কী করণীয়, সে ব্যাপারে পরামর্শও চাই। তিনিও আমাকে সেই পরামর্শ দিয়েছেন। এরপর চা খেয়ে আমি চলে আসি।’

আরও পড়ুন