এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভূমি অধিগ্রহণ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসেতু) নির্মাণে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে তিন হাজার ২১৭ কোটি টাকার একটি সহায়ক প্রকল্প নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন পাওয়া সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্টের মাধ্যমে ১২৯ দশমিক ৯৬ একর ভূমি অধিগ্রহণ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ২০১৪ সালের ডিসেম্বরে মধ্যে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া একনেক সভায় মোট চার হাজার ৪৫৮ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান। গতকালের একনেক সভায় ‘তথ্যপ্রযুক্তিনির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ’ শিরোনামের আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর আওতায় সারা দেশে এক হাজার ডাকঘর নির্মাণ করা হবে। ডাক বিভাগের চলমান এক হাজার ৫০০টি শাখা ডাকঘর সংস্কার ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি চলবে এগুলোকে ই-সেন্টারে রূপান্তরের কাজ। ১১২ কোটি টাকার এ প্রকল্প ২০১৩ সালের মাঝামাঝি নাগাদ শেষ হবে।মেঘনা সেতুকে যান চলাচলের উপযোগী রাখতে জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্বাসনের লক্ষ্যে সভায় প্রকল্প আরেকটি অনুমোদন করা হয়। ১৫০ কোটি টাকার এ প্রকল্পের আওতায় আগামী এক বছরের মধ্যে এর পুনর্বাসন সম্পন্ন হবে। সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ৫৯ কোটি টাকার বিএফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প, ২৬৮ কোটি টাকার সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প, ৫৫ কোটি টাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন (দ্বিতীয় পর্যায়) প্রকল্প, ৬৪ কোটি টাকার ফেনীর সোনাগাজী উপজেলায় ফেনী রেগুলেটরের ভাটিতে পাইলট চ্যানেল খনন ও মিরসরাই উপজেলার পশ্চিম জোয়ার এলাকার ফেনী নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প; ৪৮ কোটি টাকার বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্প; ৪৪২ কোটি টাকার মাদানী এভিনিউয়ের পূর্বমুখী সম্প্রসারণ (প্রগতি সরণি ইন্টারসেকশন হতে বালু নদ পর্যন্ত সম্প্রসারণ) প্রকল্প এবং ৬৩ কোটি টাকার নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভাসংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প।