জলবায়ু তহবিলের এনজিও প্রকল্পগু নির্বাচন করবে পিকেএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনবিষয়ক সরকারি ট্রাস্ট ফান্ডের (জলবায়ু তহবিল) এনজিও প্রকল্প মনোনয়ন ও মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ)। ওই তহবিলের কারিগরি কমিটি যে ৫৩টি এনজিওকে প্রকল্প দেওয়ার সুপারিশ করেছিল, পিকেএসএফ তাদেরও চূড়ান্ত অনুমোদনের জন্য ট্রাস্ট ফান্ড বোর্ডের কাছে উপস্থাপন করবে। গতকাল বুধবার ট্রাস্ট ফান্ড বোর্ডের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ৮৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়সাপেক্ষ ছয়টি সরকারি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এনজিও প্রকল্পগুলো যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট চেঞ্জ ইউনিট’। ওই ইউনিট এনজিওগুলোর কাছ থেকে পাওয়া পাঁচ হাজার প্রকল্প প্রস্তাব থেকে ৫৩টি প্রকল্প বোর্ডের কাছে উপস্থাপন করেছিল। ওই ৫৩টি এনজিওকে ২১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দের সুপারিশ ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এ নিয়ে ওই ৫৩টি প্রকল্পকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগেই গত ২৩ মার্চ প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, ৫৩ এনজিওর মধ্যে ৪০টির জলবায়ু পরিবর্তন বা সংশ্লিষ্ট ক্ষেত্রের ওপর কাজের পূর্ব অভিজ্ঞতা নেই। ১০টি প্রতিষ্ঠানের কোনো অতীত নেই, বর্তমান সরকারের আমলে গজিয়ে ওঠা। তিনটি সংস্থার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আর চারটি প্রতিষ্ঠান স্বামী-স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে গঠিত। প্রতিবেদনটি প্রকাশের পর সরকার ওই ৫৩টি এনজিওর ব্যাপারে আরও যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। তার দীর্ঘ সাত মাস পর জলবায়ু তহবিলের এনজিও প্রকল্পের মূল্যায়ন ও মনোনয়নের দায়িত্ব পিকেএসএফকে দেওয়া হলো। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ ব্যাপারে বলেন, পিকেএসএফের এনজিওগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। ফলে তাদের পক্ষে এনজিওগুলোর সক্ষমতা যাচাই-বাছাই করা সহজ হবে। সরকার এ জলবায়ু তহবিল গঠন করার পর ২০০৯-১০ অর্থবছরের বাজেটে প্রথম ৭০০ কোটি টাকা বরাদ্দ দেয়। প্রতিবছর এর ৬০ শতাংশ অর্থ সরকারি ও এনজিওগুলোর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যয় করার কথা ছিল। কিন্তু এরপর ২০১০-১১ ও চলতি ২০১১-১২ অর্থবছরে ৭০০ কোটি টাকা করে বাজেট বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত সরকার কোনো এনজিও প্রকল্পে অর্থ বরাদ্দ দিতে পারেনি। কারণ, এ তহবিলের অর্থের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই সরকারি দলের নেতাদের পৃষ্ঠপোষকতা পাওয়া ব্যক্তি বা পরিবার এনজিও বানিয়ে প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে প্রতিযোগিতাও তুমুল। এ পরিস্থিতিতে এনজিও প্রকল্প নির্বাচনের কাজটি পিকেএসএফকে দেওয়া হলো।গতকাল অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম এবং ক্লাইমেট চেঞ্জ ইউনিটের সমন্বয়কারী দিদারুল আহসান উপস্থিত ছিলেন।