ঝিলমিল প্রকল্পে প্রতিটি প্লটের জন্য ২৩টি আবেদন, বাছাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে মোট ২৮ হাজার আবেদনপত্র জমা পড়েছে। প্রকল্প এলাকায় মোট প্লটের সংখ্যা এক হাজার ২০০টি। সে হিসাবে প্রতিটি প্লটের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে প্রায় ২৩টি।রাজউক সূত্র জানায়, কেরানীগঞ্জের চুনকুটিয়া ও শুভাঢ্যা মৌজায় অবস্থিত ঝিলমিল আবাসিক প্রকল্পে (জমির পরিমাণ ৪০০ একর) প্লটের আবেদনপত্র বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এ জন্য কয়েকটি বাছাই কমিটি করা হয়েছে। রাজউকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এই কাজে কমিটিকে সহায়তা করছেন।যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব বাছাই শেষ করা হবে। এরপর বেশির ভাগ শ্রেণী বা ক্যাটাগরিতে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হবে। এবার আশা করি, প্লটের অপেক্ষায় আবেদনকারীদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না এবং বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে।’প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে, তা হলো প্রকল্পের প্রসপেক্টাস অনুযায়ী সব নিয়ম রক্ষা করে আবেদন করা হয়েছে কি না।এই প্রকল্পের জন্য প্রথমে গত ১ জুন শুরু করে ২৫ আগস্ট পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হয়। পরে এক মাস সময় বাড়ানো হয়। ২৫ সেপ্টেম্বর সময় শেষ হলে পরদিন আবেদনপত্র গ্রহণ বন্ধ রাখা হয়। কিন্তু আবার সময় বাড়িয়ে গত ২৭ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়।২০টি শ্রেণী ও উপশ্রেণীতে প্লট বরাদ্দ দেওয়ার জন্য আবেদনপত্র নেওয়া হয়। এর মধ্যে রয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ, মুক্তিযোদ্ধা, সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী-শিল্পপতি, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, সাংবাদিক (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), কৃষিবিদ, প্রকৌশলী ও স্থপতি, চিকিৎসক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিবিধ।রাজউক সূত্র জানায়, খেতাবপ্রাপ্ত বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার, মন্ত্রী-সাংসদ, বিচারপতি, স্পিকার বা ডেপুটি স্পিকারদের জন্য লটারি হবে না। তবে মন্ত্রী-সাংসদদের বেশির ভাগই রাজউকের অন্য প্রকল্পে প্লট পেয়ে গেছেন বলে এবার এসব শ্রেণীতে আবেদনকারীর সংখ্যা কম হতে পারে। এক হাজার ২০০ প্লটের মধ্যে ১০ শতাংশ সংরক্ষিত কোটা রাখা হচ্ছে বলে রাজউক সূত্রে জানা যায়।এত অল্প সংখ্যক প্লটের জন্য তুলনামূলক বেশি হারে আবেদনপত্র জমা পড়ায় আবেদনকারীদের অনেকেই হতাশায় রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পের একটি সেক্টরে ১০ হাজার ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। যাঁরা প্লট পাবেন না, তাঁরা ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন।