নগরে ব্যাটারিচালিত রিকশা বিদ্যুতের ওপর নতুন চাপ
ঢাকার রাস্তায় একটি নতুন বাহন নেমেছে—ব্যাটারিচালিত রিকশা। কায়িক শ্রমের পরিবর্তে ‘রিচার্জেবল’ ব্যাটারির শক্তিতে চলে এই বাহন। ভাড়া সাধারণ রিকশার মতোই। কিন্তু এই বাহন বিদ্যুতের ওপর, বিশেষ করে, রাতের বিদ্যুৎ সরবরাহের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।চালক ও মালিকদের সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ঢাকা মহানগরে প্রায় ১০ হাজার ব্যাটারিচালিত রিকশা নেমেছে। গ্যারেজগুলোতে সারা রাত রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া হয়। তারপর সারা দিন চলে।নগরের একাধিক গ্যারেজে খবর নিয়ে জানা গেছে, একেকটি রিকশার ব্যাটারি সম্পূর্ণ চার্জ দেওয়ার জন্য গ্যারেজের মালিকেরা ১০০ টাকা নেন। কিন্তু এ জন্য যে ক্ষমতার বিদ্যুৎ সংযোগ থাকার কথা, তা তাঁদের নেই। অর্থাৎ, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে এসব রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবসা চালানো হচ্ছে।রাজধানীর ভাষানটেক মোড়ে এ রকম একটি গ্যারেজের মালিক মো. সুরুজ মিয়া। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর গ্যারেজে নয়টি রিকশা থাকে। রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সেগুলোতে চার্জ দেওয়া হয়। এ জন্য রিকশাপ্রতি ১০০ টাকা নেওয়া হয়। গ্যারেজের বিদ্যুৎ সংযোগ কত কিলোওয়াটের জানতে চাইলে সুরুজ মিয়া বলেন, স্থানীয় কামালের কাছ থেকে তিনি সংযোগ নিয়েছেন। সংযোগ কার নামে, তা-ও তিনি জানেন না। একটি সংযোগেই সেখানে পাঁচটি দোকান ও গ্যারেজটি চলছে।সুরুজ মিয়া জানান, নয়টি রিকশার ব্যাটারি চার্জ করে দিয়ে তিনি প্রতিদিন ৯০০ টাকা হিসাবে মাসে ২৭ হাজার টাকা আয় করেন। এ থেকে বিদ্যুৎ বিল বাবদ কামালকে প্রতি মাসে নয় হাজার টাকা দেওয়া হয়।ইব্রাহিমপুরে একটি গ্যারেজের কর্মচারী আক্কাস আলী প্রথম আলোকে বলেন, তাঁদের গ্যারেজে প্রতিদিন ১৫টি রিকশার ব্যাটারি চার্জের ব্যবস্থা আছে। এ বাবদ রিকশাচালকদের কাছ থেকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা তুলে বিদ্যুৎ বিল দেওয়া হয় ১৫ হাজার টাকা। গ্যারেজের বিদ্যুৎ সংযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে সঠিক তথ্য তাঁর জানা নেই।ঢাকা শহরে বেশ কিছু এলাকায় চলছে এই রিকশা। এর মধ্যে মিরপুর ১০ থেকে কচুক্ষেত, মিরপুর ১১ থেকে ১২, নিউমার্কেট থেকে বিডিআর গেট, মালিবাগ থেকে কমলাপুর, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে রায়েরবাজার, উত্তরা ১০ থেকে ১১ নম্বর সেক্টর, বনানী ১১ নম্বর রোড থেকে গুলশান উল্লেখযোগ্য। ব্যাটারিচালিত হওয়ায় এই রিকশা সাধারণ রিকশার চেয়ে কিছু বাড়তি সুবিধা পায়। যেসব রাস্তায় সাধারণ রিকশা চলাচল নিষেধ, সেখানেও এই রিকশা চলে।ঢাকায় প্রয়োজনীয় গণপরিবহনের অভাব, গণপরিবহন-ব্যবস্থায় বিশৃঙ্খলা প্রভৃতি কারণে বাহনটি জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকার বাইরে রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা শহরেও এই বাহন জনপ্রিয়তা পেয়েছে। মিরপুর ১০-এর যাত্রী হাসানুজ্জামান জানান, ব্যাটারিচালিত রিকশা সাধারণ রিকশার চেয়ে দ্রুতগামী ও সাশ্রয়ী।নিউমার্কেটের পেছনে শাহনাজ হলের সামনে রিকশাচালক মো. কালাম প্রথম আলোকে বলেন, তিনি এক বছর ধরে ঢাকায় এ রিকশা চালাচ্ছেন। প্রতিদিন আয় হয় ৮০০ থেকে এক হাজার টাকা। মালিককে দিতে হয় ৪০০ টাকা।