বিমানবন্দর থেকে ৪৮ লাখ জাল রুপিসহ পাকিস্তানি নারী গ্রেপ্তার
৪৮ লাখ ভারতীয় জাল রুপিসহ শামীম নাজ (৪৭) নামের এক পাকিস্তানি নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে (ডিএমপি-মিডিয়া সেন্টারে) আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, গত বুধবার ভোররাতে আবুধাবির একটি ফ্লাইটে আন্তর্জাতিক জাল মুদ্রা পাচারকারী চক্রের এক নারী সদস্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন বলে গোপন সূত্রে জানা যায়। এর ভিত্তিতে জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. শহীদুল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওৎ পেতে থাকেন। ওই নারী দুটি কাপড়ের বড় ব্যাগ নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। এ সময় পুলিশ ব্যাগসহ শামীম নাজকে গ্রেপ্তার করে। ব্যাগগুলো তল্লাশি করে দেখা যায়, এতে ভারতীয় মুদ্রার ৫০০ ও এক হাজার রুপির নোট রয়েছে, যার সবই জাল। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, একটি চক্র পাকিস্তানে জাল রুপি তৈরি করে তা শামীম নাজ ও তাঁর স্বামী করিম মোহাম্মদ আলী নূরানিকে দিয়ে এই দেশে বিপণন করে আসছিলেন। শামীম নাজ ও তাঁর স্বামী জাল রুপি বহন করে তা এ দেশের একটি চক্রের হাতে তুলে দেন। ওই চক্রের সদস্যরা এই জাল রুপি ভারতে পাচার করতে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে। পুলিশ জানায়, শামীম নাজের স্বামী আগে থেকেই ঢাকায় ছিলেন। গতকাল তাঁকে বিমানবন্দর থেকে নিতে তাঁর স্বামীর আসার কথা ছিল। হয়তো অভিযানের খবর পেয়ে তিনি গা-ঢাকা দিয়েছেন। পুলিশ আরও জানায়, জাল রুপি বিপণনকারী এই দম্পতি কাজ শেষে আবার পাকিস্তানে ফিরে যান। তাঁরা পাকিস্তানের করাচি শহরের টান্ডো এলাকার বাসিন্দা। এর আগে ২০১০ সালে জাল রুপিসহ পাকিস্তানি নারী রুবিনা গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়া শামীম নাজকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশে জাল রুপি ব্যবসায় জড়িত চক্রের নাম-ঠিকানা পেয়েছে পুলিশ। তাঁর রিমান্ড মঞ্জুর হলে কারা জাল রুপি তৈরিকারী, বহনকারী ও বিপণনকারী, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার শহীদুল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া শামীম নাজের কাছ থেকে দুটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এসব পাসপোর্টে দেখা যায়, এর আগে তিনি ছয়বার বাংলাদেশে এসেছেন। তিনি একবার করে নেপাল ও ভুটানে গেছেন। এসব তথ্য ডিবির কাছে ছিল। এর সূত্র ধরে তাঁর ব্যাপারে খোঁজ রাখা হয়। এবার এসে তাঁদের হাতিরপুলে একটি আবাসিক হোটেলে ওঠার কথা ছিল। ডিবির জিজ্ঞাসাবাদে শামীম নাজ জানান, এর আগেও একটি চক্রের সহায়তায় তিনি বাংলাদেশ ছাড়াও নেপালে জাল মুদ্রা পাচার করেছেন। জাল নোটসহ গ্রেপ্তার হওয়া শামীম নাজের বিরুদ্ধে ডিবির এক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেছেন। ওই মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ ব্রিফিংয়ে জাল রুপিসহ শামীম নাজকে হাজির করা হয়। তিনি উর্দু ভাষায় কথা বলেন।শামীম নাজ বলেন, ‘আমাকে বিমান উঠিয়ে দেওয়ার পর বলা হয়েছে বিমান থেকে নেমে ব্যাগগুলো একজনকে দিয়ে দিলেই হবে।’ এ ছাড়া আমি কিছু জানি না বলে তিনি দাবি করেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিএমপি গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান।