বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিন শ্রমিক ও এক নিরাপত্তাকর্মী। মৃত ব্যক্তিরা হলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এমবিএ শেষ সেমিস্টারের ছাত্র সজীব কুমার (২৫), স্কুলছাত্রী ফারহা মাহজামিন (১৬), নির্মাণশ্রমিক সাইফুল ইসলাম (২০) ও সুমন (২৫) এবং কারখানার নিরাপত্তাকর্মী মো. শহীদুল্লাহ (৪০)। অন্য শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, সজীব কুমার পূর্ব কাজীপাড়ায় একটি বাড়ির চতুর্থ তলায় মেসে ভাড়া থাকতেন। গতকাল বৃহস্পতিবার সকালে মেসের সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় পুলিশ সজীবের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সজীবের গ্রামের বাড়ি যশোরের সদর উপজেলার বাঘারপাড়ায়। মর্গে সজীবের কাকা জগদীশ কুমার বলেন, গ্রাম থেকে পড়াশোনার জন্য টাকা না পাঠানোয় সজীব আত্মহত্যা করতে পারে। গত বুধবার সন্ধ্যার পর উত্তরার ৫ নম্বর সেক্টরের ২/বি নম্বর সড়কের ৮ নম্বর বাসায় স্কুলছাত্রী ফারহা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে স্বজনেরা ফারহাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্বজনেরা ফারহাকে স্কুলছাত্রী বলে দাবি করলেও তার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও আত্মহত্যার কারণ জানাতে চাননি।গতকাল দুপুরে পুরান ঢাকার সিক্কাটুলী এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক সুমন। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন বিকেলে দনিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাইফুল। তিনি পটুয়াখালীর গলাচিপার বাঁশবাড়িয়ার মতলব হাওলাদারের ছেলে। একই দিন দুপুরে শ্যামপুর থানাধীন পূর্ব রসুলপুরে একটি রি-রোলিং কারখানার সামনে বেপরোয়া গতির একটি ট্রাক ওই কারখানার নিরাপত্তাকর্মী শহীদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। শহীদুল্লাহ পরিবার নিয়ে পূর্ব রসুলপুরে থাকতেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তুরাগ থানাধীন ধৌড় এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের ওপরে বসা অজ্ঞাত পরিচয়ের এক শ্রমিক ছিটকে রাস্তার ওপরে পড়ে মারা যান। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতাল মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ছয়টি অপমৃত্যুর মামলা হয়েছে।