মুঠোফোনে চাঁদাবাজি চলছেই...
সন্ত্রাসী পরিচয় দেওয়া অজ্ঞাত ব্যক্তি এক নারীর কাছে ফোন করে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। এতে সাড়া না দিলে একই নম্বর থেকে দিনে তিন-চারটি করে ফোন আসা শুরু হয়। একপর্যায়ে শুরু হয় অশ্রাব্য খুদে বার্তা পাঠিয়ে ভয় দেখানো। ওই নারী এ নিয়ে অভিযোগ করেন। কিন্তু তাতেও হুমকি থামেনি। উল্টো দেশি নম্বরের বদলে ভারতীয় নম্বর থেকে ভয় দেখানো শুরু হয়। টেলিফোনে চাঁদাবাজদের খপ্পরে পড়া একজন নারী এভাবেই নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রথম আলোকে জানান। রাজধানীর বিভিন্ন থানায় খোঁজ করে জানা গেছে, এখন প্রায় প্রতিদিনই থানাগুলোতে টেলিফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ আসছে। প্রায় এক ডজন সন্ত্রাসীর নাম করে এসব চাঁদা দাবি করা হচ্ছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রেই কিছু প্রতারক মিথ্যা পরিচয় দিয়ে এ ধরনের হুমকি দিচ্ছে। মহানগর গোয়েন্দা পুলিশের ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার’ দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন বলেন, হাতে গোনা কয়েকজনের নাম ব্যবহার করে এসব চাঁদাবাজি হচ্ছে। এসব নামের মধ্যে রয়েছে পুরান ঢাকার ডাকাত শহীদ, মিরপুরের শাহাদাত, মধ্য ঢাকার সুব্রত বাইন, ইমন, জুরাইনের কালা আমির, গেন্ডারিয়ার ইমন (বর্তমানে দক্ষিণ আফ্রিকায়), রামপুরার ঈশান, মগবাজারের রনি, বাড্ডার শাহজাদা, বিজয়নগর-পল্টনের মোহাম্মদ।ছানোয়ার হোসেন বলেন, চলতি মাসের শুরুতে পুরান ঢাকা থেকে মাসুদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গত আড়াই বছরে মাসুদ কখনো ডাকাত শহীদ, কখনো ডলার অথবা অপু নামের অর্ধশতাধিক ব্যক্তির কাছে চাঁদা চেয়েছে। গত বছরের শুরুতে পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহমেদ হোসেন ও স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণ হত্যাকাণ্ডের পর মাসুদ নিজেকে তাদের খুনি দাবি করে চাঁদাবাজি শুরু করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়। এ ধরনের আরও অনেক অপরাধী পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ বিভিন্ন অপরাধে ইতিমধ্যে আড়াই হাজার সিম বন্ধ করে দিয়েছে। সূত্র জানায়, এর আগে গ্রেপ্তার হওয়া ডাকাত শহীদের সহযোগীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, প্রতি মাসে তারা গড়ে ১৫ থেকে ২০ জনের কাছে চাঁদা দাবি করে। তবে ৫০ ভাগ ক্ষেত্রেই তারা বিফল হয়।সূত্র জানায়, টেলিফোনে চাঁদাবাজি প্রতিরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে একটি সেল রয়েছে। এই সেল বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে থাকে। সেলের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি এ ধরনের হুমকির ঘটনা বেড়ে যাচ্ছে। টেলিফানে চাঁদাবাজির ঘটনায় পুলিশ পাঁচ শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে। তার পরও এ অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, এসব চাঁদাবাজকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে টেলিফোনে চাঁদাবাজির ক্ষেত্রে দেখা গেছে, যেসব নম্বর দিয়ে এসব কাজ করা হচ্ছে তার মধ্যে ৯৯ শতাংশ সিমকার্ডের রেজিস্ট্রেশনই ভুয়া। তিনি বলেন, সিমকার্ডের নিবন্ধন নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমে যাবে।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই ছিঁচকে ধরনের সন্ত্রাসীরা এ ধরনের হুমকি দিয়ে থাকে। তাদের হুমকিতে ভীত না হয়ে থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।