রাজধানীতে জানুয়ারিতে চালু হচ্ছে ই-ট্রাফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরযান আইনে মামলা হলে জরিমানা দিয়ে তা নিষ্পত্তির জন্য আর ট্রাফিক পুলিশের কার্যালয়ে যেতে হবে না। মুঠোফোনের ফ্লেক্সিলোডের মাধ্যমে বা ব্যাংকে টাকা জমা দিয়ে জরিমানা পরিশোধ করলে জব্দ করা কাগজপত্র ঠিকানা অনুযায়ী গাড়ির মালিক বা চালকের কাছে পৌঁছে যাবে। জানুয়ারি মাসের মধ্যে ঢাকা মহানগরে চালু হচ্ছে ‘ই-ট্রাফিক’ নামের এ সেবা।গতকাল বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ই-ট্রাফিক কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বেসরকারি ডাক সেবাদান প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার এখনই সময়।’ ই-ট্রাফিকব্যবস্থা: নতুন এ ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, এ ব্যবস্থার মাধ্যমে অনেকগুলো সেবা পাওয়া যাবে। মুঠোফোনের একটি খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেই পাওয়া যাবে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চেসিস ও ইঞ্জিন নম্বর, ট্যাক্স টোকেন ও ট্রাফিক মামলা, রুট পারমিট ও চালকের লাইসেন্সের বৈধতা যাচাইসংক্রান্ত তথ্য। এগুলো জানতে যেকোনো মুঠোফোন থেকে ৮৭৮৭ নম্বরে একটি খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় চাহিদা অনুযায়ী তথ্য চলে আসবে।মাসুদুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ এখন যেভাবে একটি ছকবাঁধা কাগজে মামলা লিখে দেয়, ই-ট্রাফিকে তা হবে না। পুলিশের হাতে থাকবে ছোট একটি ইলেকট্রনিক যন্ত্র। ট্রাফিক কর্মকর্তা শুধু অপরাধী গাড়ি বা চালক ও জব্দ করা দলিলের তথ্য লিখে বোতাম টিপে অপরাধের ধারা বাছাই করবেন। তখন যন্ত্রটি থেকে কাগজের স্লিপ বেরিয়ে আসবে। গাড়ির চালক বা মালিক নিজের কাছে সেই স্লিপ রেখে দেবেন। এরপর তিনি মুঠোফোনের ফ্লেক্সিলোড বা নির্দিষ্ট বেসরকারি ব্যাংকের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করবেন। টাকা পরিশোধের পর তাঁর হাতে ট্রাফিক কর্মকর্তার জব্দ করা কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে। চাইলে গাড়ির চালক বা মালিক প্রচলিত ব্যবস্থায়ও মামলা নিষ্পত্তি করতে পারবেন। জরিমানা দেওয়ার পর কাগজপত্র পেতে বিলম্ব হলে ইন্টারনেট বা খুদে বার্তার মাধ্যমে কাগজের অবস্থা জানা যাবে।