মালয়েশিয়া সরকার ঢাকা ও এর আশপাশে সাতটি বড় প্রকল্পে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে এবং ছয়টি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে। এসব উন্নয়নকাজে সহায়তা দিতে মালয়েশিয়া সরকারের ১৮ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা এসেছে। মালয়েশিয়া সরকারের বিশেষ দূত (মন্ত্রী) ডাটু সেরি এস সামি ভেলু এ দলের নেতৃত্ব দিচ্ছেন।প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসা কর্তৃক প্রস্তাবিত সিঙ্গাইর উপজেলার জামির্তা-ধল্লা এলাকায় প্রায় পাঁচ শ কোটি টাকা ব্যয়ে জলাধার নির্মাণ। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে এ প্রকল্পের বিষয়ে বৈঠক করেছে মালয়েশিয়ার প্রতিনিধিদল।এ সময় বিশেষ দূত ডাটু সেরি এস সামি ভেলু বাংলাদেশে অবকাঠামো, জলবায়ু পরিবর্তন, পানি সরবরাহ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে আগ্রহ ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাস মোকাবিলা, স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখছে।প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে। তিনি মালয়েশিয়া সরকার কর্তৃক বাংলাদেশের দক্ষ ও অদক্ষ জনশক্তি কর্মসংস্থানের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানীয়জল সরবরাহ ও পয়োনিষ্কাশন খাতে অর্থায়ন করায় ধন্যবাদ জানান। পরে প্রতিমন্ত্রী মালয়েশিয়ার বিশেষ দূতের কাছে প্রস্তাবিত জেনেভা ক্যাম্পের আবাসিক ভবনের লে-আউট প্ল্যান হস্তান্তর করেন।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আসলামুল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, ঢাকার মালয়েশিয়ান দূতাবাসের হাইকমিশনার জামাল উদ্দিন বিন সাবেহ, মালয়েশিয়ার স্থানীয় সমন্বয়ক মাসুদ চৌধুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রমুখ। প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে চট্টগ্রামে এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করেন।এদিকে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রতিনিধিদল। গতকাল প্রতিনিধিদল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পবাসীর জন্য প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে বহুতল আবাসিক ভবন তৈরি, উত্তরা ফ্ল্যাট প্রকল্পে ১৬১টি ১৬তলা ভবন নির্মাণ, কামরাঙ্গীরচরে দুস্থদের জন্য ফ্ল্যাট, জিরো পয়েন্ট থেকে ঝিলমিল পর্যন্ত ১১ কিলোমিটার ফ্লাইওভার, মিরপুর ৯ নম্বরে ১৫ হাজার ফ্ল্যাট নির্মাণ ও বংশী-ধামরাই স্যাটেলাইট সিটি।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, মালয়েশিয়া থেকে আসা দলের সঙ্গে উত্তরা ফ্ল্যাট প্রকল্প ছাড়াও কয়েকটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা যায়, উত্তরা তৃতীয় প্রকল্পের অধীন ১৮ নম্বর সেক্টরে ২১৪ দশমিক ৪৪ একর জায়গায় স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজউকের এই ফ্ল্যাট প্রকল্পে মোট ২০ হাজার ১৬০টি ফ্ল্যাট থাকবে। এক হাজার ৫০ বর্গফুটের ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাটের প্রতিটির মূল্য দাঁড়াবে প্রায় ৩৮ লাখ টাকা। এসব ফ্ল্যাট হবে ব্লক ‘এ’তে। এখানে ১৬তলার ৭৯টি ভবন হবে।এক হাজার ৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট হবে ব্লক ‘বি’তে। এসব ফ্ল্যাটের প্রতি বর্গফুট আয়তনের জন্য তিন হাজার ২০০ টাকার সঙ্গে সেবা ও পার্কিং বাবদ পাঁচ লাখ টাকা যুক্ত হয়ে দাম দাঁড়াতে পারে ৩৬ লাখ টাকা। এখানে ১৬ তলার ৮৬টি ভবন হবে। ফ্ল্যাটের সংখ্যা থাকবে সাত হাজার ২২৪টি।৮৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের দাম হতে পারে ২৭ লাখ টাকা। এখানে একই উচ্চতার ভবন হবে ৭৫টি। ফ্ল্যাটের সংখ্যা হবে ছয় হাজার ৩০০টি।মালয়েশিয়ার স্থানীয় সমন্বয়ক মাসুদ চৌধুরী জানান, মালয়েশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক প্রকল্প নিয়ে আলোচনা হলেও অন্তত সাতটি প্রকল্পের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জামির্তা-ধল্লা এলাকায় জলাধার নির্মাণের বিষয়ে চুক্তি সই হবে।