‘জলবায়ু পরিবর্তনের ফলে শহরে মানুষের চাপ বাড়বে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক সংকট চলছে। ফলে অনেক প্রকল্পই সময়মতো শেষ হতে পারবে না। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গতকাল রোববার দুপুরে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে আয়োজিত ‘নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক এক সেমিনারে এই আশঙ্কা ব্যক্ত করা হয়।নির্দিষ্ট উদাহরণ উল্লেখ করে সেমিনারে বলা হয়, হাতিরঝিল প্রকল্পটি ২০১২ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও অর্থাভাবে তা পিছিয়ে যেতে পারে। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্প শেষ করতে হয়, তাহলে অন্য কোনো প্রকল্প বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), ইউএনডিপি বাংলাদেশ ও জিআইজেড-বাংলাদেশের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন বলেন, শুধু হাতিরঝিল প্রকল্প নয়, এখন সরকারের প্রায় সব প্রকল্পই অর্থসংকটে রয়েছে। তিনি আরও বলেন, অপরিকল্পিত ও অস্বাভাবিক নগরায়ণের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ রক্ষায় সরকার, পরিকল্পনাবিদ ও সাধারণ জনতার সমন্বয় দরকার।সেমিনারে বিআইপির সভাপতি সারওয়ার জাহান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরের উচ্চতা বেড়ে গেলে দেশের অন্তত ৩০ শতাংশ মানুষ শহরমুখী হতে বাধ্য হবে। এতে শহরে মানুষের চাপ বাড়বে। এই চাপ শহরের জীবনযাত্রা আরও জটিল করে তুলবে। সেমিনারে একাধিক বক্তা বলেন, মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) গেজেট প্রকাশ হওয়াকে ‘বাস্তবায়িত হওয়া’ বলে প্রচার করা হয়। যদি তা-ই হয়, তাহলে এর প্রয়োগ কোথায়? তাঁরা বলেন, বিভিন্ন আবাসন কোম্পানি এবং প্রভাবশালী মহল ড্যাপ নিয়ে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার প্রতিকারে সরকার এগিয়ে আসছে না। তাঁরা বলেন, ড্যাপের সীমানা নির্ধারণ করা হলেও এর অভ্যন্তরে বিভিন্ন কোম্পানির নতুন নতুন প্রকল্পের সাইনবোর্ড দেখা যায়। জলাশয় ভরাট করে এসব প্রকল্পে প্লট তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেক কোম্পানি সরাসরি প্রতারণার আশ্রয় নিয়ে প্রচার করছে যে তাদের প্রকল্প ড্যাপের বাইরে। সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক, পরিকল্পনাবিদ ইশরাত জাহান, বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক কে এম নূরুল হুদা, ইউএনডিপি বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর আমিনুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন।