সন্ত্রাসীর ছোড়া পেট্রলের আগুনে দগ্ধ হোটেল ব্যবস্থাপকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

পটুয়াখালী সদর উপজেলার ফটিকের খেয়াঘাট এলাকায় সন্ত্রাসীদের ছোড়া পেট্রলের আগুনে দগ্ধ হোটেল ব্যবস্থাপক মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি পাঁচ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল বুধবার রাতে হোটেল ব্যবস্থাপক জাহাঙ্গীর ফকির (৪০) মারা যান। স্বজনদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ৩ জুন স্থানীয় এক সন্ত্রাসী জাহাঙ্গীরের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের শরীরের ৩৮ ভাগ পুড়ে গিয়েছিল।

জাহাঙ্গীর ফকিরের ছোট ভাই জামাল ফকির আজ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার স্থানীয় এক সন্ত্রাসী পটুয়াখালী সদর উপজেলার ফায়ার সার্ভিসের পাশে তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আবাসিক হোটেল শিকদার রেস্ট হাউসে যান। এ সময় ওই সন্ত্রাসী আবাসিক হোটেলের ব্যবস্থাপক জাহাঙ্গীরের কাছে চাঁদা চান। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই সন্ত্রাসী চলে যান।

কিছু সময় পর ওই সন্ত্রাসী ফিরে এসে জাহাঙ্গীরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান। পরে সহকর্মীরা এসে আগুন নিভিয়ে জাহাঙ্গীরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ৩ জুন ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রাত ১০টা ১০ মিনিটে মারা যান।

জাহাঙ্গীর শিকদার ওই হোটেলেই থাকতেন। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার চরগরবর্দী গ্রামে। তাঁর দুই ছেলে এক মেয়ে।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর গায়ে আগুন দেওয়ার ঘটনায় গত মঙ্গলবার দুই সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান চলছে।