পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ‘ঐতিহ্য বলয়’ করছে দক্ষিণ সিটি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে পর্যটন খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্য দিতে ‘ঐতিহ্য বলয়’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকায় সাতটি ঐতিহ্য বলয় করতে আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা সভা করেছে সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নিয়ে বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় পর্যটনশিল্পের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ঢাকায় গেজেটভুক্ত ৭৪টি হেরিটেজ ভবনের মধ্যে ৬৬টি ভবনের অবস্থান দক্ষিণ সিটিতে। সেসব ভবনকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নান্দনিকভাবে উপস্থাপন এবং আমাদের পর্যটনশিল্পের প্রসারের লক্ষ্যে করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের এই উদ্যোগ আশার সঞ্চার করছে। সে জন্য সব অংশীজনকে এগিয়ে আসতে হবে। তাঁকে সহযোগিতা করলে ঢাকার পর্যটন খাতের পাশাপাশি আমাদের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য পুনরায় প্রস্ফুটিত হবে।’
আলোচনা সভায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ প্রস্তাবিত সাতটি ঐতিহ্য বলয়ের গতিপথ বিস্তারিত উপস্থাপন করেন। গেজেটভুক্ত ৬৬টি ভবন ছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু ভবন নিয়ে সাতটি ঐতিহ্য বলয়ের গতিপথের খুঁটিনাটি তুলে ধরেন তিনি।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মূলত এই জায়গা পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। তাহলে পর্যটকেরা আরও স্বচ্ছন্দ বোধ করবেন। এতে নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে আমাদের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন ও সেসব স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা।’
সভায় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মনোজ কুমার রায়, দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) শাহ মোহাম্মদ মিজানুর রহমান, করপোরেশনের অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, বাংলাদেশ টু৵রিজম বোর্ডের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দক্ষিণ সিটির প্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্বে থাকা সিরাজুল ইসলাম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর রেজওয়ান মারুফ, আটাবের ভাইস প্রেসিডেন্ট আসফিয়া জান্নাত সালেহ, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল এ একরাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহস্থপতি খন্দকার মাহফুজ আলম, রাজউকের উপনগর–পরিকল্পনাবিদ রুবিনা ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বোর্ড মেম্বার (প্রফেশনাল অ্যাফেয়ার্স) পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান, টু৵রিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ হাবিব আলী, ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুল ইসলাম, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রের মহাসচিব তৌফিক রহমানসহ পর্যটন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।