কবিগুরুর স্মরণে ছায়ানটের ‘আঘাত করে নিলে জেনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরুর স্মরণে এই আয়োজনে ছিল গান, কবিতা পাঠসহ ২১টি পরিবেশনা
ছবি: সংগৃহীত

আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে সংস্কৃতিচর্চা কেন্দ্র ছায়ানট ‘আঘাত করে নিলে জেনে’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করে। কবিগুরুর স্মরণে এই আয়োজনে ছিল সম্মেলক গান, কবিতা, একক পাঠ, আবৃত্তিসহ মোট ২১টি পরিবেশনা।

রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ থেকে নেওয়া ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ পরিবেশন করেন পলি পারভিন। শিল্পী লাইসা আহমেদ লিসা পরিবেশন করেন ‘আঘাত করে নিলে জেনে’। ছায়ানটের শিল্পীরা দল বেঁধে ‘গীতবিতান’ থেকে নেওয়া দাদরা তালের গান ‘এক হাতে ওর কৃপাণ আছে, আর এক হাতে হার’ এবং ভূপালী রাগের ‘প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন’ গান দুটি পরিবেশন করেন। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে গাওয়া হয় রবীন্দ্রনাথের সম্মেলক গান ‘যখন তুমি বাঁধছিলে তার’।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় ছায়ানটের এই আয়োজনে আরও গান পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, সেঁজুতি বড়ুয়া, সেমন্তী মঞ্জরী, আজিজুর রহমান তুহিনসহ কয়েকজন শিল্পী। দেওয়ান সাইদুল রহমান আবৃত্তি করেন ‘রূপনারানের কূলে জেগে উঠিলাম’।

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কবিগুরুর স্মরণে ছায়ানটের আয়োজনের সমাপ্তি টানা হয়।