রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে জুরাইন ও কাকরাইলে এ দুর্ঘটনা ঘটে।

জুরাইনে মারা গেছে ইব্রাহীম নামের ১২ বছর বয়সী এক শিশু। কাকরাইলে মারা গেছেন অলিউল্লাহ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ।

নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ইব্রাহীম জুরাইনে মুরগি বিক্রির দোকানে কাজ করত। জুরাইনের মাজারগেট এলাকায় সড়ক পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্যামপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইব্রাহীমকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ইব্রাহীমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। সে জুরাইন বালুর মাঠ এলাকায় মা–বাবার সঙ্গে থাকত।

অন্যদিকে কাকরাইলে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন অলিউল্লাহ।

রমনা থানার এসআই মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, কাকরাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়ে ছিলেন অলিউল্লাহ। খবর পেয়ে তাঁরা তাঁকে উদ্ধার করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ বলছে, অলিউল্লাহর গ্রামের বাড়ি চাঁদপুর। গ্রাম থেকে তিনি সম্প্রতি তাবলিগের উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।