ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ থেকে তেল অপসারণের সময় বিস্ফোরণে দগ্ধ পুলিশ সদস্য শওকত জামিল (২৩) ও জাহাজের কর্মী শরিফ খানের (৩২) অবস্থা এখন আশঙ্কামুক্ত। তাঁরা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্য শওকত জামিলের শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শরিফ খানের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা দুজনই এখন আশঙ্কামুক্ত বলে জানান ওই চিকিৎসক। গতকাল সোমবার রাতে তাঁদের বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।
গত শনিবার দুপুরে ঝালকাঠি শহরের পৌরসভার খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীর তীরে সরকারি তেলের ডিপোর কাছে সাগর নন্দিনী-২ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন মারা যান এবং চারজন দগ্ধ হন। দগ্ধ চারজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল।
পরে নন্দিনী-২ থেকে প্রায় ৭ লাখ লিটার তেল ‘ওটি মৃদুলা’ নামের অপর একটি জাহাজে অপসারণ করা হয়েছে। এতে প্রায় ডুবে যাওয়া তেলবোঝাই জাহাজটি অনেকটা ভেসে ওঠে। অবশিষ্ট তেল ওটি সাগর নন্দিনী-৪ নামের অপর একটি জাহাজে অপসারণের কাজ শুরু হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাগর নন্দিনী-২–এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি জাহাজেই আগুন ধরে যায়। এ সময় কয়েকজনকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। অগ্নিকাণ্ডে ৯ পুলিশসহ ১১ জন দগ্ধ হন। তাঁদের মধ্যে পুলিশ কনস্টেবল শওকত (৩৫) ও দ্বিপ (৩২) এবং সাগর নন্দিনী-৪–এর কর্মচারী শরীফকে প্রথমে বরিশাল শের–ই বাংলা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে পরে শওকত ও শরীফকে ঢাকায় ও দ্বিপকে ঝালকাঠি পাঠানো হয়। দগ্ধ বাকি সদস্যরা আগে থেকেই ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত সাগর নন্দিনী-২–এর পাশে ট্রলারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ক্ষতিগ্রস্ত জাহাজটিতে এখনো ছয় লাখ লিটার পেট্রল আছে বলে জানা গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন পুলিশ সদস্য শওকতের বুক ও ডান হাত ব্যান্ডেজে মোড়ানো। শওকত প্রথম আলোকে বলেন, তিনি ঝালকাঠি জেলা পুলিশ লাইনসে তিন বছর ধরে কর্মরত আছেন। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো। তাঁর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলায়।
অপর দগ্ধ ব্যক্তি শরিফ খানের মুখমণ্ডল ঝলসে গেছে। খবর পেয়ে তাঁর স্ত্রী খাদিজা আক্তার চাঁদপুর থেকে পাঁচ বছরের মেয়ে নিয়ে আজ হাসপাতালে এসেছেন। খাদিজা উদ্বিগ্ন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দোয়া করবেন আমার স্বামী যেন সুস্থ হয়ে ওঠেন।’