‘ভালো বই প্রকাশ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের পর সব শান্ত হয়ে আসে। ২১ ফেব্রুয়ারির পর গতকাল বুধবার বিকেলে বইমেলা ছিল স্নিগ্ধ চেহারায়। মানুষ আছে, তবে ভিড় নেই। পাঠকের সংখ্যা ছিল বেশি। গতকাল নতুন বই এসেছে মাত্র ৬৪টি। তবে তিন সপ্তাহ অতিক্রমের পর মেলায় এখন উল্লেখ করার মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু বই আছে। গতকাল মেলায় এসেছে সলিমুল্লাহ খানের দুটি বই ঠাকুরের মাৎস্যন্যায় আর উৎসর্গ। বই দুটির প্রকাশক মধুপোক। তবে পাওয়া যাবে আগামী প্রকাশনীতে।

গতকাল বিকেলে বইয়ের খোঁজে আগামীর প্যাভিলিয়নে গিয়ে দেখা হলো আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে। এবারের মেলায় তিনি গতকালই প্রথম এসেছেন। একটু আগেই ছিলেন ঐতিহ্য প্রকাশনীতে। সেখানে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নিজের অবস্থান। একজন জিজ্ঞেস করলেন, তাঁর ফেসবুকটি কে চালায়? আনোয়ারা সৈয়দ হক মজা করে বললেন, ‘আমি দ্রুত কম্পিউটারে লিখতে পারি। সৈয়দ শামসুল হকের লেখার গতি ছিল অবিশ্বাস্য। করোনার সময়ে চারপাশের হারানোর বেদনার মধ্যে আমি উপন্যাস লিখে মন শান্ত করেছি। দাঁড়াও, তোমাদের এখনই একটা পোস্ট দিয়ে দেখাই কত দ্রুত লিখি।’ আগামী থেকে প্রকাশিত হয়েছে আনোয়ারা সৈয়দ হকের ত্রয়ী উপন্যাস।

কথাপ্রকাশে এসেছে সিরাজুল ইসলাম চৌধুরীর মুক্তি কত দূরে, আফসান চৌধুরীর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ধারাবাহিকতার ইতিহাস, হরিশংকর জলদাসের কর্ণ, নূরুল কবীরের কথকতা বইয়ের মতো বেশ কিছু বই। পাঠক সমাবেশে আছে প্রায় দুই শ পদবির পরিচিতি নিয়ে দেলওয়ার হাসানের লেখা ‌বাঙালির সামাজিক পদবীর ইতিহাস। হুয়ান রুলফোর পেদ্রো পারামো বইয়ের অনুবাদ আনিসুজ জামান করেছেন মূল স্প্যানিশ থেকে। এ বইটিও পাওয়া যাবে পাঠক সমাবেশে। আর কার্ল মার্ক্সের ভাবনাকে সমর্থন বা অসমর্থন যা–ই করা হোক, তাঁর জীবনী গুরুত্বপূর্ণ। মার্ক্স কেন প্রাসঙ্গিক, সে ধারণা পাওয়া যাবে জি এইচ হাবীবের অনুবাদে প্রকাশিত কার্ল মার্কসের জীবন বইটি থেকে। চট্টগ্রামের নন্দন বইঘর থেকে প্রকাশিত বইটি আছে অমর একুশে বইমেলার চন্দ্রবিন্দুর স্টলে।

সুন্দরবনের পাখি নিয়ে একটা ঢাউস বই প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। ‌ফরিদী নুমানের বার্ডস অব দ্য সুন্দরবন বইয়ে আছে ছবিসহ ২৬৯টি পাখির পরিচিতি। মাতৃভাষা প্রকাশ থেকে একটু এগিয়েই অ্যাডর্ন পাবলিকেশন। গতকাল এখান থেকে প্রকাশিত হয়েছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর নির্বাচিত কবিতা নিয়ে ইংরেজিতে অনূদিত বই ‌রুদ্র অ্যান্ড বিয়ন্ড। অন্যপ্রকাশের প্যাভিলিয়নে এখনো হুমায়ূন আহমেদের বইয়ের কাটতি বেশি। তবে এই প্রকাশনীতেও আছে উল্লেখযোগ্য জনপ্রিয় বই। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হাসনাত আবদুল হাইয়ের লেখা নদীপথে, সঙ্গে ইউলিসিস মূলত ভ্রমণগদ্য। সেই গদ্যের সঙ্গে লেখায় উপস্থিত জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস ইউলিসিস। মেলার মাঠে দেখা বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদের সঙ্গে। বইমেলার অন্য একটি দিকে নজর দিলেন তিনি। প্রথম আলোকে বললেন, ‘মেলা শুধু বেড়ানোর জায়গা হয়ে উঠলে বই প্রকাশনার জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকেই এসে বই নিয়ে ছবি তুলে চলে যায়। প্রকাশকদেরও ভালো বই প্রকাশে আরও গুরুত্ব দেওয়া দরকার।’

ভালো বই পুরোনো হলেও যে পাঠক খুঁজে বের করেন, প্রমাণ পাওয়া গেল একটু এগিয়ে প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে।

সেখানে একজন নারী পাঠক প্যাভিলিয়নে দাঁড়িয়েই নিচু স্বরে পড়ছিলেন সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভিতর বই থেকে একটি কবিতা। নাম জানতে চাওয়ায় অস্বস্তি বোধ করলেন বলে পরিচয় জানা হলো না। স্মৃতিতে রইল মেলার মাঠে দাঁড়িয়ে বই পড়ার দৃশ্যটুকু। প্রথমার বিপণনকর্মীরা বললেন, একুশে ফেব্রুয়ারির ভিড়ের এক দিন পর যাঁরা মেলায় এসেছেন, তাঁরা প্রকৃত বইপ্রেমী। তাঁরা বই কিনছেন, বই দেখছেন। প্রথমায় পাওয়া যাবে রওনক জাহান ও রেহমান সোবহানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি, পলিটিকস অ্যান্ড পলিসিস বা মহিউদ্দিন আহমদের লেখা ‌১৯৭১: ভারতের বাংলাদেশ যুদ্ধ অথবা মতিউর রহমানের লেখা খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০–এর মতো তথ্যনির্ভর ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বই।