একই পরিবারের দগ্ধ পাঁচ সদস্যের মৃত্যু
ধামরাইয়ে সেই বাড়িতে বিস্ফোরণের কারণ ছিল সিলিন্ডার লিকেজ
ঢাকার ধামরাইয়ের চলতি মাসের ৭ তারিখ একটি বাসায় বিস্ফোরণের কারণ ছিল সিলিন্ডার থেকে লিকেজ হওয়া গ্যাস। ওই বিস্ফোরণে পরিবারটির পাঁচ সদস্য দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময় তাঁদের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের ধামরাই স্টেশনের কর্মকর্তা সোহেল রানা প্রথম আলোকে বলেন, ওই বাসার রান্না ঘরের সঙ্গে লাগোয়া ছিল থাকার ঘরটি। ছোট ডাইনিং স্পেস ছিল। রান্না ঘরের জানালা এবং ঘরের মূল দরজা বন্ধ ছিল। বাসায় একটি গ্যাসের সিলিন্ডার ছিল। রাতে সেটি ঠিকমতো বন্ধ করা হয়নি বা লিকেজ ছিল। দরজা এবং জানালা বন্ধ থাকায় সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাস আবদ্ধ ঘরে আটকে ছিল। ভোরে চুলায় আগুন ধরানোর সময় বিস্ফোরণ ঘটে। আগুনের স্থায়ীত্ব স্বল্প হলেও বাসার সবাই তখন দগ্ধ হন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা দগ্ধ ওই পাঁচজনের সর্বশেষ সদস্যও মারা যান। তাঁর নাম হোসনা বেগম (৩০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, হোসনার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি ১০ দিন চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই হোসনা বেগমের লাশ তাঁর পরিবার নিয়ে গেছে।
৭ জানুয়ারি ভোরে কুমড়াইলের একটি বাসায় রান্নার চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লিকেজ থেকে বদ্ধঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এতে গৃহকর্তা মঞ্জুরুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী জোসনা বেগম (২৫), তাঁদের দুই বছর বয়সী সন্তান মরিয়ম বেগম, জোসনার বোন হোসনা বেগম (৩০) এবং জোসনার আরেক বোনের মেয়ে সাদিয়া আক্তার (১৮) দগ্ধ হন। ঘটনার পরপরই তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, ঘটনার এক দিন পরই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মরিয়ম। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর দুদিন পর ১০ জানুয়ারি ভোরে মারা যান মরিয়মের মা জোসনা বেগম। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। ওই দিন দুপুরে মারা যান জোসনার ভাগনি সাদিয়া আক্তার। তাঁর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরদিন ১১ জানুয়ারি মারা যান মঞ্জুরুল ইসলাম। তাঁর শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল। সর্বশেষ মারা গেলেন হোসনা বেগম।
মঞ্জুরুলের বোন ফাহিমা বেগম প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি নীলফামারী। তাঁর ভাই গ্রামের একটি এতিমখানায় বড় হয়েছেন। সেখান থেকে এইচএসসি পাস করার পর প্রায় এক যুগ আগে ঢাকায় আসেন। তিনি পোশাক কারখানায় কাজ করছিলেন। পাঁচ বছর আগে বিয়ে করেন। স্ত্রী ও সন্তান নিয়ে ধামরাইয়ে থাকতেন। ঘটনার দুদিন আগে তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন জোসনার বোন হোসনা ও তাদের এক ভাগনি। বিস্ফোরণে তাঁরাও দগ্ধ হন।